মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬  |  

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০১:৪১

জেলেনস্কি কখনোই যুদ্ধের অবসান চাননি: ট্রাম্প

জেলেনস্কি কখনোই যুদ্ধের অবসান চাননি: ট্রাম্প
অনলাইন ডেস্ক

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চান না বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় আলোচনা চললেও জেলেনস্কি এ বিষয়ে আগ্রহ দেখাচ্ছেন না।

রোববার (১৮ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন ট্রাম্প।

পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় তিনি আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং এতে ‘বড় ধরনের অগ্রগতি’ হচ্ছে। তবে জেলেনস্কি বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না বলে মন্তব্য করেন তিনি।

ট্রাম্প লেখেন, ইউরোপ ইউক্রেনকে বিপুল পরিমাণ অর্থসহায়তা দিচ্ছে। তাঁর অভিযোগ, জেলেনস্কি এই যুদ্ধ বন্ধ করতে চান না, সম্ভবত কখনোই চাননি।

রাশিয়ার ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরে ট্রাম্প বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় আলোচনা চালিয়ে যেতে চান তিনি। এমন কোনো পদক্ষেপ নিতে চান না, যা মস্কোকে আলোচনার টেবিল থেকে দূরে সরিয়ে দিতে পারে।

সম্প্রতি রাশিয়ার ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করতে নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। এর আওতায় রাশিয়ার ডিজেল সরবরাহের ওপর থেকেও সাময়িক নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ বাড়িয়ে দাম কমানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তবে রাশিয়ার সঙ্গে জ্বালানি-সংক্রান্ত এই সিদ্ধান্ত ইউক্রেন ও দেশটির মিত্রদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। এর ফলে ট্রাম্প ও জেলেনস্কির সম্পর্কের আরও অবনতি হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ট্রাম্প দাবি করেন, শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে। এর মধ্যে জিম্মিদের মুক্তির বিষয়টিও রয়েছে। তবে তিনি কোন নথিতে স্বাক্ষরের কথা বলেছেন, তা স্পষ্ট করেননি। এ বিষয়ে বিস্তারিত জানতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো জবাব পায়নি।

ইরানকে সহায়তার ক্ষেত্রে রাশিয়ার ভূমিকা নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ইরানকে সহায়তা করার সক্ষমতা থাকা সত্ত্বেও রাশিয়া বর্তমানে দেশটিকে খুব সামান্য সহায়তা করছে। পরিস্থিতি এভাবেই রাখতে চান বলেও জানান তিনি।

এদিকে, আগামী ৩ নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান পার্টিকে চাপে ফেলতে ইউক্রেন ইচ্ছাকৃতভাবে রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ড্রোন হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ট্রাম্প। তাঁর দাবি, এসব হামলা যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে ডিজেলের সরবরাহ ও দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে মার্কিন ভোটারদের অসন্তোষ নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে বিভিন্ন জরিপে ইঙ্গিত পাওয়া গেছে। এ পরিস্থিতিতে ইউক্রেনের হামলাকে নির্বাচনী রাজনীতির সঙ্গে যুক্ত করেছেন ট্রাম্প।

সূত্র: রয়টার্স, এএফপি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়