বুধবার, ২৬ আগস্ট, ২০২৬  |  

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ১৫:৫৬

বাজারে ইলিশের সরবরাহ আছে, দাম নাগালের বাইরে

বাজারে ইলিশের সরবরাহ আছে, দাম নাগালের বাইরে
অনলাইন ডেস্ক

বর্ষার ভরা মৌসুমে বাজারে ইলিশের সরবরাহ থাকলেও চড়া দামের কারণে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে জাতীয় এই মাছ। রাজধানীর বিভিন্ন বাজারে ছোট-বড় বিভিন্ন আকারের ইলিশ পাওয়া গেলেও কেজিপ্রতি দাম উঠেছে ৩ হাজার টাকার বেশি। ফলে ইলিশ এখন অনেকটা সামর্থ্যবান ক্রেতাদের মাছেই পরিণত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) রাজধানীর পূর্ব রামপুরার বউ বাজার ঘুরে দেখা যায়, আকার ও ওজনভেদে ইলিশ বিক্রি হচ্ছে ৬৫০ টাকা থেকে ২ হাজার ৮০০ টাকা কেজি দরে। ২০০ থেকে ৩০০ গ্রাম ওজনের ছোট ইলিশের দাম ৬৫০ থেকে ৮০০ টাকা কেজি। ৩৫০ থেকে ৪০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ১ হাজার ২০০ টাকা কেজি দরে।

৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশের দাম কেজিপ্রতি প্রায় ১ হাজার ৭০০ টাকা। আর এক কেজি থেকে ১ কেজি ৩০০ গ্রাম ওজনের মাছ বিক্রি হচ্ছে প্রায় ২ হাজার ৮০০ টাকা কেজি দরে। বাজারভেদে বড় আকারের ইলিশের দাম আরও বেশি হতে পারে বলে জানিয়েছেন বিক্রেতারা।

চড়া দামে ইলিশ কিনতে এসে হতাশ ক্রেতারা। বউ বাজারের ক্রেতা গিয়াসউদ্দিন বলেন, ছোট ইলিশের দাম তুলনামূলক কম হলেও ভালো আকারের মাছ কিনতে গেলে অনেক টাকা খরচ হচ্ছে। আগে মৌসুমে ইলিশ কিনলেও এবার দাম বেশি হওয়ায় শুধু দেখেই ফিরে যেতে হচ্ছে।

মাছ বিক্রেতা সবুজ বলেন, বাজারে ইলিশের সরবরাহ রয়েছে। তবে বড় আকারের মাছ তুলনামূলক কম আসছে। মোকাম থেকে বেশি দামে কিনতে হচ্ছে বলে খুচরা বাজারেও দাম কমানো সম্ভব হচ্ছে না। সরবরাহ বাড়লে দাম কিছুটা কমতে পারে বলে আশা করছেন তিনি।

রাজধানীর কারওয়ান বাজার, মেরুল বাড্ডা, বনশ্রী, রামপুরা, সেগুনবাগিচা ও মগবাজারের বাজারগুলোতেও একই চিত্র দেখা গেছে। এসব বাজারে ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ৮৫০ থেকে ২ হাজার ২০০ টাকা, এক কেজি বা কাছাকাছি ওজনের মাছ ২ হাজার ২৫০ থেকে ২ হাজার ৫০০ টাকা এবং এক থেকে দেড় কেজি ওজনের ইলিশ ২ হাজার ৬০০ থেকে ৩ হাজার ১০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

ফলে বাজারে পর্যাপ্ত সরবরাহের দেখা মিললেও চড়া দামের কারণে ইলিশ কেনার সাধ্য হচ্ছে না অনেক সাধারণ ক্রেতার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়