শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬  |  

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান
অনলাইন ডেস্ক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সভাপতির কার্যালয়ের কর্মকর্তাদের তালিকায় তাঁর নাম ও পদবি উল্লেখ করা হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, লিগ্যাল অফিসার হিসেবে জাইমা রহমান খলিলুর রহমানের কার্যালয়ের আইনি বিষয়গুলো দেখাশোনা করবেন। তাঁকে যুক্তরাজ্য ও বাংলাদেশে অভিজ্ঞ ব্যারিস্টার এবং আইন ও নীতি বিষয়ক পেশাজীবী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে বিভিন্ন দায়িত্বে মোট ৪০ জন কর্মকর্তা রয়েছেন। তাঁদের মধ্যে জাইমা রহমানসহ ছয়জন বাংলাদেশি কর্মকর্তা রয়েছেন। বাংলাদেশি কূটনীতিক আব্দুল আলিম দায়িত্ব পালন করবেন ডেপুটি চিফ অব ক্যাবিনেট হিসেবে। মোয়াজ্জেম হোসেন থাকছেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী হিসেবে।

এ ছাড়া মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাস বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা, জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মো. রফিকুল আলম মোল্লা বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলো বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

জাইমা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের মেয়ে। তিনি লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেন এবং পরে যুক্তরাজ্যে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন। ২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তথ্যও বিভিন্ন প্রতিবেদনে এসেছে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়