মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬  |  

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৭

ছয় শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী

ছয় শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক

দেশের শ্রমজীবী মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ছয়টি প্রধান শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে গাজীপুরের টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, ঢাকার সাভার ও চট্টগ্রামে এসব হাসপাতাল স্থাপন করা হবে। হাসপাতালগুলোতে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ পরিকল্পনার কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সংসদে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যেই দেশের গুরুত্বপূর্ণ ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যার একটি করে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব হাসপাতাল কেবল শ্রমিকদের চিকিৎসাসেবার জন্য নির্ধারিত থাকবে।

প্রধানমন্ত্রী বলেন, টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে প্রাথমিকভাবে হাসপাতালগুলো নির্মাণ করা হবে। হাসপাতালগুলোর নামকরণ ও নির্মাণপ্রক্রিয়ায় শ্রমিকদের চিকিৎসাসেবার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

বক্তব্যে দেশের জ্বালানি, শিল্প ও চিকিৎসা খাতের অতীত পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, বিগত স্বৈরাচারী শাসনামলে এসব গুরুত্বপূর্ণ খাতকে পরিকল্পিতভাবে দুর্বল করে ফেলা হয়েছিল। দেশীয় খনিজ সম্পদের যথাযথ ব্যবহার না করে জ্বালানি খাতকে আমদানিনির্ভর করা হয়েছে। একইভাবে শিল্পের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়েছে এবং চিকিৎসাব্যবস্থাও দুর্বল হয়ে পড়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, অতীতে দেশের চিকিৎসাব্যবস্থা এমন অবস্থায় পৌঁছেছিল যে, উন্নত চিকিৎসার জন্য অনেক মানুষকে দেশের বাইরে যেতে হতো। গ্রামীণ জনগোষ্ঠীর চিকিৎসাসেবার ক্ষেত্রেও অবনতি ঘটেছিল।

সরকারের জনকল্যাণমূলক কার্যক্রম তুলে ধরে তারেক রহমান বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত। তাই শ্রমিকসমাজসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

তিনি জানান, দেশের সামগ্রিক চিকিৎসাব্যবস্থার উন্নয়ন এবং শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় রেখেই বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়