প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২
লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে পড়া একটি ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। পথে ঘুন্টি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। পরে ট্রাকটি পাশের একটি দোকানে ঢুকে অটোরিকশাটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং অন্তত আটজন আহত হন। খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাকীন নামে আরও একজনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজনকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তারা সবাই পাটগ্রাম উপজেলার বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তিনজন নিহত ও সাতজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।







