প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৮
দক্ষিণ আফ্রিকায় পৃথক গোলাগুলিতে নিহত অন্তত ২৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি গোলাগুলির ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে জোহানেসবার্গের পশ্চিমাঞ্চলের একটি পানশালায় হামলায় ১৭ জন এবং কেপটাউনের কাছে আরেকটি হামলায় ১০ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আরও অন্তত ১১ জন আহত হয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) দেশটির পুলিশ পৃথক গোলাগুলির ঘটনায় প্রাণহানির তথ্য জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে জোহানেসবার্গের পশ্চিমাঞ্চলের একটি পানশালায় প্রথম গোলাগুলির ঘটনা ঘটে। গ্রাহকেরা পানশালার ভেতরে ও বাইরে অবস্থান করার সময় বন্দুকধারীরা সেখানে এসে এলোপাতাড়ি গুলি চালায়।
পুলিশের ভাষ্য, হামলাকারীরা বাইরে গুলি চালানোর পর পানশালার ভেতরে ঢুকে গ্রাহকদের লক্ষ্য করেও গুলি চালায়। তাদের হাতে একে-৪৭ রাইফেল ও পিস্তল ছিল বলে জানিয়েছে পুলিশ। পরে দুটি অজ্ঞাত গাড়িতে করে পালিয়ে যাওয়ার সময় তারা কয়েকজন গ্রাহকের মোবাইল ফোন নিয়ে যায়। এ সময় দুটি গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় ১৩ জন পুরুষ ও চারজন নারী ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের গ্রেপ্তারে বিশেষায়িত দল কাজ করছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এরপর রোববার গভীর রাতে কেপটাউনের কাছে লোয়ান্ডলে এলাকায় আরেকটি গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাত ১টা ৪৬ মিনিটের দিকে বন্দুকধারীরা একটি বিনোদনকেন্দ্রে ঢুকে উপস্থিত লোকজনকে লক্ষ্য করে গুলি চালায়।
এ ঘটনায় পাঁচজন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও পাঁচজনের মৃত্যু হয়। এ ছাড়া আহত ১১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ এ ঘটনায় হত্যা ও হত্যাচেষ্টার মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। নিহতদের পরিবারের সদস্যদের অবহিত করার পর তাদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: এএফপি







