শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬  |  

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৬

চতুর্মুখী শঙ্কায় ডিসেম্বরের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

চতুর্মুখী শঙ্কায় ডিসেম্বরের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ
অনলাইন ডেস্ক

গত বছরের ডিসেম্বরের রাজনৈতিক অস্থিরতার রেশ কাটতে না কাটতেই নতুন করে নানা রাজনৈতিক, নিরাপত্তা ও কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা, সাম্প্রতিক অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ, গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার বার্ষিকী এবং ভারতের সঙ্গে টানাপোড়েন—সব মিলিয়ে আগামী ডিসেম্বরকে গুরুত্বপূর্ণ সময় হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এশিয়া টাইমসের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বাংলাদেশের আগামী ডিসেম্বরের সম্ভাব্য পরিস্থিতি নিয়ে এমন উদ্বেগের কথা তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত বছরের ডিসেম্বর ছিল বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম অস্থির সময়। ওই মাসে তরুণ রাজনৈতিক নেতা শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর ১৮ ডিসেম্বর মারা যান। তাঁর মৃত্যুর পর প্রথম আলো, দ্য ডেইলি স্টার এবং ছায়ানট ও উদীচীর মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে।

এরপর ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরেন তারেক রহমান। পাঁচ দিন পর তাঁর মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু হয়। এক বছর পর আবারও ডিসেম্বরকে ঘিরে নতুন রাজনৈতিক ও কূটনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা

প্রতিবেদনে আগামী ডিসেম্বরের সবচেয়ে বড় অনিশ্চয়তা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি উল্লেখ করা হয়েছে। তিনি ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়।

গত ৯ নভেম্বর যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স ল চেম্বার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে চিঠি দিয়ে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের অনুরোধ জানায়।

বিষয়টি নিয়ে বিএনপির সংসদীয় দলের বৈঠকেও আলোচনা হয়। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের অনুরোধকে ‘সম্পূর্ণ হাস্যকর’ বলে মন্তব্য করেন। তিনি জানান, বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চায়।

প্রতিবেদনে আরও বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি আইনি ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তিনি দেশে ফিরলে তাঁর নিরাপত্তা, আদালতের রায় বাস্তবায়ন এবং সম্ভাব্য জনসমাগম সামাল দেওয়া সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

দেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে এশিয়া টাইমস। প্রতিবেদনে বলা হয়, গত ৭ থেকে ৯ নভেম্বরের মধ্যে দেশে অন্তত ১৯টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, ওই তিন দিনে রাজধানীতে ৪৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এ ছাড়া ১০ নভেম্বর সারা দেশে আরও ২২টি অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। এসব ঘটনায় একজন নিহত হন এবং অন্তত ১০টি যানবাহনে আগুন দেওয়া হয়।

পুলিশের অভিযোগ, ডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব হামলা চালাচ্ছেন।

প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, এসব ঘটনার জবাবে গণগ্রেপ্তার বা অতিরিক্ত বলপ্রয়োগ করা হলে নিরাপত্তা পরিস্থিতি নতুন রাজনৈতিক সংঘাতে রূপ নিতে পারে।

বিজয় দিবস ঘিরেও রাজনৈতিক উত্তেজনার আশঙ্কা

ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস। বর্তমান বিএনপি সরকারের অধীনে এটিই প্রথম বিজয় দিবস। মুক্তিযুদ্ধের ইতিহাস, চেতনা ও রাজনৈতিক ব্যাখ্যা নিয়ে দেশের প্রধান রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে মতপার্থক্য রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সরকার কীভাবে বিজয় দিবস উদ্‌যাপন করে এবং বিরোধী রাজনৈতিক দলগুলো কীভাবে তা গ্রহণ করে, তার ওপরও রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়তে পারে। এ সময় পাল্টাপাল্টি সমাবেশ, বক্তব্য ও বিক্ষোভের আশঙ্কাও রয়েছে।

গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নিরাপত্তা

গত বছরের ১৮ ও ১৯ ডিসেম্বর প্রথম আলো, দ্য ডেইলি স্টারসহ বিভিন্ন গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার এক বছর পূর্তি সামনে রেখে নতুন করে নিরাপত্তার প্রশ্ন উঠেছে।

এশিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়, এসব হামলার আগে অনলাইনে সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনগুলোর বিরুদ্ধে উসকানিমূলক প্রচারণা চালানো হয়েছিল। দ্য ডেইলি স্টার ও ডিসমিসল্যাবের অনুসন্ধানেও এ ধরনের অনলাইন উসকানির বিষয় উঠে এসেছে।

এক বছর পরও হামলার সঙ্গে জড়িতদের কতজন বিচারের আওতায় এসেছেন এবং সাংবাদিক, সম্পাদক ও সংস্কৃতিকর্মীরা কতটা নিরাপদ—সেই প্রশ্ন সামনে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে অস্থিরতা দেখা দিলে গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো আবারও হামলার ঝুঁকিতে পড়তে পারে। এসব প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করা সরকারের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে উঠবে।

ভারতের সঙ্গে সম্পর্কেও বাড়ছে অস্বস্তি

শেখ হাসিনার ভারতে অবস্থানকে কেন্দ্র করে ঢাকা-নয়াদিল্লি সম্পর্কেও টানাপোড়েন অব্যাহত রয়েছে। বাংলাদেশ তাঁর প্রত্যর্পণ চাইলেও ভারত এখন পর্যন্ত তাঁকে হস্তান্তর করেনি।

প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর দেশত্যাগের পরিস্থিতি এবং এ ক্ষেত্রে ভারতের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে পারে। অন্যদিকে তিনি ভারতে অবস্থান করলে তাঁকে ফেরত পাঠানোর বিষয়টি দুই দেশের সম্পর্কের ওপর চাপ সৃষ্টি করতে পারে।

এর মধ্যে ভারতের বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবের সাম্প্রতিক একটি মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করেছে। তিনি দাবি করেন, দেশভাগের সময় নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর ভুলবশত বাংলাদেশের অংশ হয়েছিল এবং ভারতের এগুলো পুনরুদ্ধার করা উচিত।

যদিও তিনি ভারত সরকারের মুখপাত্র হিসেবে বক্তব্য দেননি, তবে এমন মন্তব্য বাংলাদেশে ক্ষোভ ও জাতীয়তাবাদী প্রতিক্রিয়া বাড়াতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পানি বণ্টন, বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়েও দুই দেশের সহযোগিতা কঠিন হয়ে উঠতে পারে।

একসঙ্গে একাধিক চ্যালেঞ্জের মুখে সরকার

এশিয়া টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা, সাম্প্রতিক সহিংসতা, বিজয় দিবস ঘিরে রাজনৈতিক উত্তেজনা, গণমাধ্যমের নিরাপত্তা এবং ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন—প্রতিটি বিষয় আলাদাভাবে মোকাবিলা করাও সরকারের জন্য চ্যালেঞ্জিং। কিন্তু আগামী ডিসেম্বরে এসব বিষয় একই সময়ে সামনে আসতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনাকে ঘিরে কোনো সিদ্ধান্ত বা ঘোষণা বিক্ষোভের জন্ম দিতে পারে। সেই বিক্ষোভ সহিংস রূপ নিলে সরকারের কঠোর পদক্ষেপের প্রয়োজন হতে পারে। এতে রাজনৈতিক সংঘাত ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন বিতর্ক তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে রাজনৈতিক ভিন্নমত ও জনবিক্ষোভ কীভাবে সামাল দেওয়া হবে, গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নিরাপত্তা কতটা নিশ্চিত করা হবে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সংযম বজায় থাকবে কি না, তা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

সব মিলিয়ে আগামী ডিসেম্বরকে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, নিরাপত্তা, গণতান্ত্রিক স্বাধীনতা ও কূটনৈতিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ সময় হিসেবে দেখছে এশিয়া টাইমস। প্রতিবেদনের মূল্যায়ন অনুযায়ী, বড় আশঙ্কা কোনো একটি ঘটনা নয়; বরং একাধিক ঘটনা পরস্পরকে উসকে দিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়