প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০১:১৮
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।
তিনি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, বিমান চলাচল এবং প্রতিরক্ষা শিল্পসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা এবং এ খাতে যৌথ বিনিয়োগের সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেছে।
স্থানীয় সময় মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে তুরস্কের আনতালিয়ায় পাপিলন জিউগমা রিলাক্সারি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
হুমায়ুন কবীর জানান, জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের প্রথম দিনেই দেশটির প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইস্তাম্বুলে যাত্রাবিরতির সময় তুরস্কের প্রেসিডেন্টের বিশেষ আতিথেয়তায় প্রধানমন্ত্রীকে ভিভিআইপি স্টেট গেস্ট হাউসে স্বাগত জানানো হয়। পরে আনতালিয়ায় পৌঁছালে দেশটির সংস্কৃতিবিষয়ক মন্ত্রী তাঁকে অভ্যর্থনা জানান এবং গার্ড অব অনার প্রদান করেন।
বৈঠকের পরিবেশ সম্পর্কে হুমায়ুন কবীর বলেন, দুই নেতার আলোচনা অত্যন্ত আন্তরিক ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রেসিডেন্ট এরদোয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘আমার মূল্যবান বন্ধু ও ভাই’ বলে সম্বোধন করেন। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও উচ্চতায় নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।
বৈঠকে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ সরকার দেশে একটি প্রতিরক্ষা শিল্প পার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এ খাতে তুরস্কের বিনিয়োগ ও যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
তবে এ বিষয়ে এখনো কোনো চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়নি। বিষয়টি প্রাথমিক অনুসন্ধান ও আলোচনার পর্যায়ে রয়েছে বলে স্পষ্ট করেন তিনি।
জ্বালানি খাতে অংশীদারত্ব বাড়ানোর বিষয়েও দুই নেতা আলোচনা করেছেন। বিশেষ করে গভীর সমুদ্রে খনিজ ও জ্বালানি অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানি এবং এ খাতে তুরস্কের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগানোর বিষয়ে মতবিনিময় হয়েছে।
এ ছাড়া বিমান চলাচল খাতে বিনিয়োগ এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। এসব খাতে তুরস্কের সঙ্গে শক্তিশালী বিনিয়োগ অংশীদারত্ব গড়ে তুলতে বাংলাদেশ আগ্রহী বলে জানান হুমায়ুন কবীর।

বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। হুমায়ুন কবীর জানান, রোহিঙ্গাদের নিরাপদ, শান্তিপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে দুই নেতা আলোচনা করেছেন।
বিশেষ করে চলতি নভেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা ইস্যুতে শুনানির পর কীভাবে যৌথ উদ্যোগ আরও এগিয়ে নেওয়া যায়, তা নিয়েও মতবিনিময় হয়েছে। নিজ দেশে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে বাংলাদেশ ও তুরস্ক একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেছে।
পাশাপাশি মুসলিম বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়টিও উঠে আসে।
জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও জলবায়ু অর্থায়নের ক্ষেত্রেও বাংলাদেশের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর নেতৃত্বস্থানীয় ভূমিকা রাখতে চায়। জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে সচেতনতা সৃষ্টি এবং জলবায়ু অর্থায়ন সহজলভ্য করার দাবিতে সক্রিয় রয়েছে।
কপ-৩১ সম্মেলনের বিভিন্ন বিষয়ভিত্তিক সংলাপ ও অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নেবেন। সেখানে জলবায়ু অভিযোজন, অর্থায়ন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে।
হুমায়ুন কবীর আরও বলেন, কপ-৩১ সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের মধ্যে নির্বাচিত কয়েকজনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন তুরস্কের প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর বৈঠক বাংলাদেশের প্রতি তুরস্কের বিশেষ আগ্রহ ও গুরুত্বের প্রতিফলন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে নতুন সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে। গণতান্ত্রিক উত্তরণের পর বাংলাদেশের নতুন সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহও বাড়ছে।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও তাঁর সহধর্মিণীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি আরও জানান, বুধবার (১১ নভেম্বর) প্রধানমন্ত্রীর বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে।
সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ, প্রেস সচিব সালেহ শিবলী এবং উপ-প্রেস সচিব হাসান শিপলু উপস্থিত ছিলেন।







