বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬  |  

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০১:১৫

ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্য প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্য প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে সরকারি দল, বিরোধী দল ও সংসদের বাইরের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় যেভাবে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্য ধরে রেখে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে শুধু বক্তব্য নয়, কার্যকর পদক্ষেপও নিতে হবে।

তিনি বলেন, বিভিন্ন পক্ষ সীমান্তের ওপার থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। কখনো ধর্ম, কখনো হরতাল, আবার কখনো ভিন্ন নামে কর্মসূচি দেওয়া হচ্ছে। এসব পরিস্থিতি সম্মিলিতভাবে মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারি দল, বিরোধী দল এবং সংসদের ভেতরে-বাইরের সব রাজনৈতিক শক্তিকে দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রাখার বিষয়ে একমত থাকতে হবে। যাতে ভবিষ্যতে কোনো পতিত শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বানকে স্বাগত জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ২০২৪ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে ঐক্য তৈরি হয়েছিল, তা দেশের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। সেই চেতনা ধরে রেখে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, দেশের মানুষকে আবার ফ্যাসিবাদী শাসনের যন্ত্রণার মধ্যে ফেলে দেওয়া উচিত হবে না। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি ঠেকাতে হবে।

বিরোধীদলীয় নেতা বলেন, জাতীয় ঐক্যের আহ্বানকে বাস্তবে রূপ দিতে হবে। শুধু সংসদে আলোচনা বা বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। আলোচনার পর কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে তর্ক-বিতর্ক ও মতপার্থক্য থাকবে। তবে এসব বিতর্ক সংসদের ভেতরেই সীমাবদ্ধ থাকা উচিত। সংসদীয় রীতি ও ঐতিহ্য মেনেই আলোচনা পরিচালিত হবে।

দুই নেতার বক্তব্যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানো এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্ব পায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়