বুধবার, ১১ নভেম্বর, ২০২৬  |  

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০১:২২

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার, কার্বারী অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার, কার্বারী অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত
অনলাইন ডেস্ক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা। একই সঙ্গে সংগঠনটির সভাপতির পদ থেকে পদত্যাগ করে পুরো কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় নতুন জয় চাকমা এ ঘোষণা দেন।

তবে ৭ নভেম্বর গঠিত সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটির কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন কমিটির সদস্যসচিব বিজয় কান্তি চাকমা।

ভিডিও বার্তায় নতুন জয় চাকমা বলেন, সাজেকের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ইউপিডিএফের উসকানি ও প্ররোচনায় জনস্বার্থবিরোধী সড়ক অবরোধ কর্মসূচি দেয়া হয়েছিল। সাজেকের সাধারণ মানুষের দুর্ভোগ বিবেচনায় অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার করা হয়েছে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে অবরোধ চলার কারণে সাজেকের সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। বাইরের এলাকার সঙ্গে যোগাযোগ ব্যাহত হওয়ায় খাদ্যদ্রব্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট তৈরি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

ইউপিডিএফের বিরুদ্ধে অভিযোগ তুলে নতুন জয় চাকমা বলেন, দীর্ঘদিন তিনি সংগঠনটির অপশাসনের মধ্যে ছিলেন। তার অভিজ্ঞতা অনুযায়ী, দলীয় স্বার্থে বিভিন্ন কর্মসূচিতে সাধারণ মানুষকে অংশ নিতে বাধ্য করা হতো। এতে মৃত্যুর হুমকিও দেয়া হতো বলে অভিযোগ করেন তিনি।

নতুন জয় চাকমার দাবি, সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি মূলত ইউপিডিএফ নিজেদের স্বার্থে গঠন করেছে। কার্বারী অ্যাসোসিয়েশনের গঠন ও পরিচালনার দায়িত্ব তাকে দেয়া হলেও অনেক সময় তার অজান্তেই তার নামে বিভিন্ন বিবৃতি প্রকাশ করা হতো।

তিনি আরও বলেন, একজন কার্বারী হিসেবে এলাকার মানুষের স্বার্থ ও অধিকার রক্ষা করাই তার প্রধান দায়িত্ব। সাজেকবাসীর বৃহত্তর স্বার্থ বিবেচনায় তিনি নিজের অবস্থান পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছেন। এ কারণে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন বলেও জানান তিনি।

ভিডিও বার্তার শেষাংশে নতুন জয় চাকমা সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতির পদ থেকে পদত্যাগ এবং সংগঠনটির পুরো কমিটি বিলুপ্ত করার ঘোষণা দেন। পাশাপাশি সাজেকবাসীর দুর্ভোগের স্থায়ী অবসান এবং স্থানীয় মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়