বুধবার, ১১ নভেম্বর, ২০২৬  |  

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০১:২৪

দুয়েকটি পরিত্যক্ত গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

দুয়েকটি পরিত্যক্ত গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক

বিচ্ছিন্নভাবে দুয়েকটি গাড়িতে আগুন দেওয়া কিংবা ককটেল বিস্ফোরণের ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন ও নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। সারা দেশে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে কয়েকজনকে হাতেনাতে আটক করা হয়েছে।

ঢাকার সিএমএম আদালত এলাকার একটি ঘটনার প্রসঙ্গ তুলে তিনি জানান, সেখানে তিনজনের মধ্যে দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য একজন পালিয়ে গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি এলাকায় গাড়ির ওপর ককটেল বিস্ফোরণের ঘটনা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাতের অন্ধকারে একটি গাড়ির ছাদে ককটেল বিস্ফোরণের ঘটনা দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এমনটা বলা যায় না।

তিনি আরও বলেন, রাতের অন্ধকারে কিংবা ভোরে কোনো পরিত্যক্ত বাস বা চালক-হেলপারবিহীন গাড়িতে আগুন দেওয়া হলে তাতে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না। দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনাকে একত্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ—এমন মন্তব্য করা যৌক্তিক নয়।

বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দল সরকারের ব্যর্থতা তুলে ধরবে এবং সংসদে সক্রিয় ভূমিকা রাখবে—এটি ইতিবাচক। সরকারও বিরোধী দলের সহযোগিতা প্রত্যাশা করে।

দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদী শক্তির পক্ষ থেকে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, দেশের ভেতরে আত্মগোপনে থাকা ওই শক্তির সহযোগীরা সক্রিয় হওয়ার চেষ্টা করছে। সীমান্তের ওপার থেকে কোনো ইন্ধন রয়েছে কি না এবং দেশের ভেতরে কারা তাদের সহযোগিতা করছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ সময় গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে এক সংসদ সদস্যকে ফোন করে দল ছাড়ার পরামর্শ দেওয়ার অভিযোগের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সংশ্লিষ্ট ফোন নম্বর ও বার্তার বিস্তারিত তথ্য দিলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির পেছনে দেশের বাইরে থেকে নীলনকশা করা হয়েছে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এ প্রচেষ্টার পেছনে দেশের ভেতরেও বিনিয়োগ করা হয়েছিল বলে সরকার মনে করে। তবে সরকার সেই চেষ্টা সফলভাবে নস্যাৎ করেছে।

শিল্পাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় শিল্পকারখানার নিরাপত্তায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নিয়মিত পুলিশ, বিজিবি ও অন্যান্য বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

শিল্পকারখানার উৎপাদন ও রপ্তানি সচল রাখা এবং শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। শিল্প মালিক, শ্রমিক সংগঠন ও বিভিন্ন ফেডারেশনের নেতাদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টির চেষ্টা সফল হয়নি।

শিল্প মালিক, বিনিয়োগকারী ও আন্তর্জাতিক ক্রেতাদের আশ্বস্ত করে তিনি বলেন, দেশে শিল্পবান্ধব পরিবেশ বজায় রাখা হবে। কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বা অবনতি মূল্যায়নে আগের বছরের একই সময়ের অপরাধের পরিসংখ্যানের সঙ্গে তুলনা করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সংসদে একটি সংবাদপত্রের প্রতিবেদনে ২ হাজার ৯২৯টি হত্যাকাণ্ডের তথ্য তুলে ধরা হয়েছে। সংখ্যাটি ২ হাজার ৯৩৮ হতে পারে। তবে পুলিশের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে হত্যাকাণ্ডের সংখ্যা প্রায় ৩০০টি কমেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত আগামীকাল সংসদে ৩০০ বিধিতে উপস্থাপন করবেন। পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ভিত্তিতে তিনি এসব পরিসংখ্যান তুলে ধরবেন, যাতে যে কেউ তা যাচাই করতে পারেন।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেন, দেশের ভেতরে কিংবা সীমান্তের বাইরে থেকে কোনো ষড়যন্ত্র বা নীলনকশা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ফ্যাসিবাদ ফিরিয়ে আনার মতো পরিস্থিতি তৈরির চেষ্টা হলে সরকার তা উন্মোচন করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়