বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬  |  

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০১:০৫

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৯৫

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৯৫
অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৯০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯৫ জনে।

বুধবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে দুজন করে মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪৬৪ জন রোগী ভর্তি হয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৯৬ জন, রাজশাহীতে ৩৫ জন, সিলেটে ১৮৬ জন, চট্টগ্রামে ২৮৬ জন, বরিশালে ১০৭ জন, ময়মনসিংহে ১০৭ জন, খুলনায় ১০৮ জন এবং রংপুরে ৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ১৬ হাজার ৮০৬ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৭ হাজার ৯০৩ জন।

এ ছাড়া গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৭০৯ জনে। তাঁদের মধ্যে ২৪ হাজার ৭২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়