বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬  |  

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০১:১৫

আন্তর্জাতিক আলোকচিত্রে বাংলাদেশের ইতিহাস, হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন পিনু রহমান

আন্তর্জাতিক আলোকচিত্রে বাংলাদেশের ইতিহাস, হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন পিনু রহমান
অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক আলোকচিত্র অঙ্গনে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশের আলোকচিত্রী পিনু রহমান। প্রথম বাংলাদেশি হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক মর্যাদাপূর্ণ হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কার (হিপা)-এর গ্র্যান্ড পুরস্কার অর্জন করেছেন তিনি। প্রতিযোগিতার ১৫তম আসরে ‘ফ্যামিলি’ বা পরিবার থিমে তাঁর তোলা ‘আন্ডার দ্য সেম স্কাই’ ছবিটি সেরা হিসেবে নির্বাচিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় রাত ৮টার দিকে দুবাইয়ের ফিউচার মিউজিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। আন্তর্জাতিক আলোকচিত্র অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হয় হিপা পুরস্কার।

পিনু রহমানের পুরস্কারজয়ী ছবিতে উঠে এসেছে রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের মানবিক গল্প। আগুনে ঘরবাড়ি ও সম্পদ হারিয়ে খোলা আকাশের নিচে ঘুমিয়ে আছেন পরিবারের পাঁচ সদস্য। আশ্রয় ও নিরাপত্তা হারালেও তাঁদের পারিবারিক বন্ধন অটুট রয়েছে।

ছবিটির মাধ্যমে দুর্যোগের মধ্যেও মানুষের ভালোবাসা, পারস্পরিক নির্ভরতা এবং একসঙ্গে টিকে থাকার সংগ্রাম তুলে ধরেছেন এই আলোকচিত্রী।

আন্তর্জাতিক এই স্বীকৃতি অর্জনের পর উচ্ছ্বাস প্রকাশ করে পিনু রহমান বলেন, তিনি বরাবরই মানুষের গল্প বলতে ভালোবাসেন। আন্তর্জাতিক বড় একটি মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি পুরস্কার অর্জন তাঁর জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এই অর্জন আলোকচিত্রের মাধ্যমে গল্প বলার দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে বলেও জানান তিনি।

পেশাগত জীবনে পিনু রহমান একজন ব্যাংকার। তিনি রূপালী ব্যাংকের সাইবার সিকিউরিটি বিভাগে সহকারী মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত। তাঁর বেড়ে ওঠা পিরোজপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি।

এবারের হিপা প্রতিযোগিতার মূল বিষয় ছিল ‘ফ্যামিলি’। পরিবারকে শুধু মানুষের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রকৃতি, উদ্ভিদজগৎ, খনিজ পদার্থ এবং বিভিন্ন উপাদানের পারস্পরিক সংযোগ ও একাত্মতার গল্পও তুলে ধরার সুযোগ রাখা হয়েছিল।

এর আগে চলতি বছর সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৬-এ বাংলাদেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেন পিনু রহমান। পাশাপাশি ইতালির সিয়েনা ক্রিয়েটিভ ফটো অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘দ্য গোল্ডেন বার্ডেন’ শিরোনামের ছবির জন্য প্রথম পুরস্কার পান তিনি। ছবিটিতে মাথায় পাটের বোঝা নিয়ে কাজ করতে দেখা যায় এক বৃদ্ধ পাটশ্রমিককে।

এ ছাড়া সিয়েনা ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডসে ‘ব্যাড মর্নিং ইন আ বার্নড ভ্যালি’ শিরোনামের ছবির জন্য ‘হাইলি কমেন্ডেড’ স্বীকৃতিও পেয়েছেন এই আলোকচিত্রী।

উল্লেখ্য, হিপার ১৫তম আসরে মূল থিম ‘ফ্যামিলি’র পাশাপাশি স্পোর্টস ফটোগ্রাফি, পোর্টফোলিও (স্টোরি-টেলিং), জেনারেল এবং নতুন বিভাগ ‘ড্রিমস থ্রু এআই’ অন্তর্ভুক্ত ছিল। পিনু রহমানের এই অর্জন আন্তর্জাতিক আলোকচিত্র অঙ্গনে বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়