শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬  |  

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৯

বিজেপি সরকারের সমালোচনা করে পোস্ট, পশ্চিমবঙ্গে গ্রেপ্তার তিন কনটেন্ট ক্রিয়েটর

বিজেপি সরকারের সমালোচনা করে পোস্ট, পশ্চিমবঙ্গে গ্রেপ্তার তিন কনটেন্ট ক্রিয়েটর
অনলাইন ডেস্ক

ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার ও দলটির বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে পশ্চিমবঙ্গের তিন কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন আকাশ সরকার, সুরজিৎ শী ও শ্রীময়ী চক্রবর্তী।

তাঁদের গ্রেপ্তারের পর পশ্চিমবঙ্গজুড়ে পুলিশের ভূমিকা ও বাক্‌স্বাধীনতা নিয়ে প্রশ্ন এবং সমালোচনা শুরু হয়েছে।

পশ্চিমবঙ্গভিত্তিক তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান অল্ট নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার হওয়া আকাশ সরকার তিন দিন পুলিশ হেফাজতে থাকার পর গত ২৯ অক্টোবর আদালত থেকে জামিন পান। অন্যদিকে, শ্রীময়ী চক্রবর্তীকে গত ২৬ অক্টোবর ব্যক্তিগত বন্ডে মুক্তি দেয় বিধাননগর পূর্ব থানা।

তবে জনপ্রিয় ফেসবুক পেজ ‘কোর বাংলা জনগণঠা’র উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর সুরজিৎ এখনো পুলিশ হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্গাপূজার সময় চোরবাগানে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনা এবং এ বিষয়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন সুরজিৎ। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সদস্য সুরজিতের পরিবারের অভিযোগ, তাঁকে গ্রেপ্তারের আগে স্থানীয় বিজেপি ও আরএসএস কর্মীরা তাঁদের বাড়িতে হামলা চালান। পরে তাঁদের ছেলেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

সুরজিতের আইনজীবী ও স্বজনদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে সাজানো মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, পদদলিত হওয়ার ঘটনা এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে উদ্দেশ করে কটাক্ষমূলক পোস্ট দেওয়ার অভিযোগে গত ২৫ অক্টোবর নাগেরবাজারের বাড়ি থেকে আকাশ সরকারকে গ্রেপ্তার করা হয়। আকাশের দাবি, পূজামণ্ডপে বিশৃঙ্খলা ও প্রতিমা বিসর্জনে প্রশাসনিক অব্যবস্থাপনা নিয়ে কথা বলায় তাঁকে মামলায় ফাঁসানো হয়েছে।

এ ছাড়া ‘তিন বাটি’ শিরোনামে রাজনৈতিক কটাক্ষ এবং মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার কারণে শ্রীময়ী চক্রবর্তীকে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়।

তিন কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা তৈরি হয়েছে। বিশেষ করে রাজনৈতিক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

সূত্র: অল্ট নিউজ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়