প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০০:৩০
পরীমনির নাচের ভিডিও ভাইরাল, জানা গেল সঙ্গীর পরিচয়

জন্মদিনের জমকালো আয়োজন, সংগীতের তালে নাচ আর অতিথিদের উচ্ছ্বাস—সব মিলিয়ে আবারও আলোচনায় অভিনেত্রী পরীমনি। তাঁর জন্মদিনের অনুষ্ঠানে নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে পরীমনির সঙ্গে নাচতে দেখা গেছে এক ব্যক্তিকে। পরে জানা গেছে, তাঁর নাচের সঙ্গী ড্যান্স কোরিওগ্রাফার গোলাম হোসেন কিবরিয়া।
প্রতিবছর জন্মদিন ঘটা করে উদ্যাপন করেন পরীমনি। এবারও ২৪ অক্টোবর নিজের জন্মদিন উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন এই অভিনেত্রী। জন্মদিনের পার্টিতে নাচের আয়োজনও ছিল।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে নাচের ভিডিওটি পোস্ট করেন পরীমনি। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তির সঙ্গে সংগীতের তালে নাচছেন অভিনেত্রী। তাঁদের নাচ উপভোগ করছেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ভিডিওর শেষ দিকে পরীমনিকে ঘিরে আরও কয়েকজনকে নাচতে দেখা যায়।
ভিডিওটির ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘একটু নাচ তো থাকতেই হয়!’ পোস্ট করার পর দ্রুত ছড়িয়ে পড়ে ভিডিওটি। প্রকাশের এক ঘণ্টার মধ্যে ভিডিওটির ভিউ চার লাখ ছাড়িয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভিডিওর নিচে ভক্তদের নানা মন্তব্যও দেখা যায়।
একজন লিখেছেন, ‘পরী, নাচ তুমি করো, কিন্তু হার্টবিট আমাদের বেড়ে যায় কেন।’ আরেকজন লিখেছেন, ‘কেমনে কেমনে জানি পরীমনির বিগ ফ্যান হয়ে যাচ্ছি।’ এর আগে এক জন্মদিনের অনুষ্ঠানে লুঙ্গি পরে নেচেছিলেন পরীমনি। এবারও কেউ কেউ সেই নাচের কথা স্মরণ করেছেন।
ভিডিওতে পরীমনির নাচের সঙ্গী গোলাম হোসেন কিবরিয়া একজন ড্যান্স কোরিওগ্রাফার। তাঁর নিজস্ব ড্যান্স প্রতিষ্ঠান ছাড়াও একটি ফ্যাশন হাউজ রয়েছে। দীর্ঘদিন ধরে পরীমনির সঙ্গে তাঁর সখ্য রয়েছে। বিভিন্ন সময়ে তাঁদের একসঙ্গে দেখা গেছে। তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।
এদিকে জন্মদিনের অনুষ্ঠানে নতুন সিনেমার ঘোষণাও দিয়েছেন পরীমনি। তারেক রহমানের পরিচালনায় সিনেমাটির নাম ‘ফারজানা’। ছবিটির শুটিংয়ের কাজও অনেকখানি সম্পন্ন হয়েছে। আসন্ন রোজার ঈদে সিনেমাটি মুক্তি পেতে পারে।







