বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬  |  

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০০:৩১

সাদমানের সেঞ্চুরি নিয়ে পুরো দলই নার্ভাস ছিল: সালাউদ্দিন

সাদমানের সেঞ্চুরি নিয়ে পুরো দলই নার্ভাস ছিল: সালাউদ্দিন
অনলাইন ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে প্রথম দিন শেষে ৩ উইকেট হারিয়ে ২১৩ রান করেছে বাংলাদেশ। দিন শেষে ৯৯ রানে অপরাজিত রয়েছেন ওপেনার সাদমান ইসলাম। তাঁর সেঞ্চুরির অপেক্ষায় পুরো দলই নার্ভাস ছিল বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

বুধবার দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সাদমানের ব্যাটিং নিয়ে প্রশংসা করেন সালাউদ্দিন। তাঁর মতে, উইকেট ভালোভাবে বুঝে নিয়ন্ত্রণের সঙ্গে ইনিংস খেলেছেন এই ওপেনার।

সালাউদ্দিন বলেন, ‘সে উইকেট খুব ভালো বুঝতে পেরেছে। পুরো ইনিংস যদি দেখেন, খুব বেশি শট খেলেনি। মাঝে মাঝে কঠিন সময় আসে, তখন আমরা বাজে শট খেলে ফেলি। সে গুরুত্বপূর্ণ সময়টা কাটিয়ে নিজের নিয়ন্ত্রণে রেখে ইনিংসটি খেলেছে।’

সাদমানের আগের ইনিংসগুলো ৫০-৬০ রানের মধ্যে থেমে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘৫০-৬০ রানের ইনিংস অনেক খেলেছে, কিন্তু এবার লম্বা হচ্ছিল। সে নিজেকে নিয়ে কাজ করছে।’

সাদমানের সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থাকার সময় দলের সবাই উদ্বিগ্ন ছিলেন জানিয়ে সালাউদ্দিন বলেন, ‘আমরা পুরো দলই আসলে নার্ভাস। আমরা সবাই চাচ্ছিলাম সেঞ্চুরিটা হয়ে যাক। টেস্টে তার সেঞ্চুরির সংখ্যা আরও বেশি হওয়া উচিত ছিল। এই ইনিংস তাকে পরবর্তীতে অনেক সহায়তা করবে।’

এদিকে দিনের প্রথম সেশনে মুমিনুল হকের উইকেট বিলিয়ে দেওয়া নিয়েও কথা বলেন ভারপ্রাপ্ত ব্যাটিং কোচ। একই ভুল বারবার করার পেছনে কোনো সমস্যা থাকতে পারে বলে মনে করেন তিনি।

সালাউদ্দিন বলেন, ‘যখন প্রতিবার একই ভুল করবেন, কোনো না কোনো সমস্যা আছে। ওকে নিজেকেই বের করতে হবে কীভাবে এখান থেকে বের হয়ে আসবে। বলটা খুব কাছে ছিল। আরেকটু দূরে থাকলে ওপর দিয়ে চলে যেত।’

প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২১৩ রান। সাদমান ইসলাম ৯৯ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়