মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬  |  

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০১:০৫

ডি থ্রি ট্রফির নিলামে সর্বোচ্চ দাম শরিফুলের, ২ কোটিতে তানজিদ-তাসকিন

ডি থ্রি ট্রফির নিলামে সর্বোচ্চ দাম শরিফুলের, ২ কোটিতে তানজিদ-তাসকিন
অনলাইন ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন টুর্নামেন্ট ডমেস্টিক থ্রি (ডি থ্রি) ট্রফির নিলামে সর্বোচ্চ দাম পেয়েছেন পেসার শরিফুল ইসলাম। তাঁকে ২ কোটি ৩০ লাখ পয়েন্টে দলে নিয়েছে সিটিজেন গ্রুপ। এ ছাড়া দুই কোটির বেশি পয়েন্টে দল পেয়েছেন তাসকিন আহমেদ ও তানজিদ হাসান।

সোমবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে আসন্ন ডি থ্রি ট্রফির ক্রিকেটার নিলাম। আগামী ডিসেম্বরে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে শুরু হওয়ার কথা রয়েছে নতুন এ টুর্নামেন্টের।

নিলামে তাসকিন আহমেদের দাম উঠেছে ২ কোটি ১০ লাখ পয়েন্ট। তাঁকে দলে নিয়েছে ওয়ালটন। অন্যদিকে, ২ কোটি পয়েন্টে তানজিদ হাসানকে দলে ভিড়িয়েছে ফরচুন।

৪০ লাখ পয়েন্ট ভিত্তিমূল্য থেকে শেখ মেহেদী হাসানের দাম ওঠে দেড় কোটি পয়েন্টে। তাঁকে দলে নিয়েছে ব্লুস্টার। ফরচুন ১ কোটি ৫৫ লাখ পয়েন্টে দলে নিয়েছে নাজমুল হোসেন শান্তকে। একই দামে ওয়ালটনে খেলবেন লিটন কুমার দাস।

এদিকে, ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে বিক্রি হয়েছেন পেসার হাসান মাহমুদ। তাঁকে দলে নিয়েছে ব্লুস্টার। উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিককে ১ কোটি ৭০ লাখ পয়েন্টে দলে ভিড়িয়েছে সিটিজেন গ্রুপ।

পেসার খালেদ আহমেদের দাম উঠেছে দেড় কোটি পয়েন্ট। তিনি খেলবেন সেভেন রিংস সিমেন্টের হয়ে।

এ ছাড়া আব্দুল গাফফার সাকলাইন, মাহিদুল ইসলাম অঙ্কন ও সাব্বির রহমানের দাম উঠেছে ১ কোটি ২ লাখ পয়েন্ট করে। তাঁদের মধ্যে সাকলাইন ও অঙ্কন খেলবেন অ্যাকমিতে এবং সাব্বির রহমান ফরচুনে।

স্পিনার মোহাম্মদ রুবেলকে ১ কোটি ১৪ লাখ পয়েন্টে দলে নিয়েছে অ্যাকমি। অন্যদিকে, পারভেজ হোসেন ইমনের দাম উঠেছে ১ কোটি ২৩ লাখ পয়েন্ট।

সাধারণত খেলোয়াড় নিলামে অর্থের ভিত্তিতে দলগুলো ক্রিকেটার কেনে। তবে বিসিবির নতুন ডি থ্রি ট্রফিতে টাকার পরিবর্তে পয়েন্টের মাধ্যমে ক্রিকেটার দলে নেওয়া হচ্ছে।

টুর্নামেন্টে অংশ নেবে ছয়টি দল—অ্যাকমি, ফরচুন, ওয়ালটন, সেভেন রিংস সিমেন্ট, সিটিজেনস ব্যাংক ও ব্লুস্টার। নিলামের তালিকায় রয়েছেন মোট ২৮১ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে ২৭৫ জনকে নিয়ে নিলাম হচ্ছে। বাকি ছয়জন আইকন ক্রিকেটার হিসেবে আগেই দল পেয়েছেন।

আইকন ক্রিকেটারদের মধ্যে নুরুল হাসান সোহান খেলবেন ব্লুস্টারে, তাওহীদ হৃদয় ফরচুনে, মোসাদ্দেক হোসেন সৈকত অ্যাকমিতে, মোহাম্মদ নাঈম শেখ সিটিজেনস ব্যাংকে, মুশফিকুর রহিম সেভেন রিংস সিমেন্টে এবং মেহেদী হাসান মিরাজ ওয়ালটনে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়