সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬  |  

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০১:১২

বিপিএলে দল কিনতে চান লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা

বিপিএলে দল কিনতে চান লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা
অনলাইন ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল কেনার আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা। উপযুক্ত সুযোগ ও শর্ত অনুকূলে থাকলে বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে যুক্ত হতে চান তিনি।

আবুধাবিতে চলমান ত্রিদেশীয় সিরিজের সময় বাংলাদেশি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের আগ্রহের কথা জানান সামিন রানা।

তিনি বলেন, ‘বাংলাদেশ আমার হৃদয়ের খুব কাছের। আমি বিপিএল বা বাংলাদেশ ক্রিকেটের অন্য কোনো ক্ষেত্রে যুক্ত হওয়ার সুযোগ খুঁজছি। সবকিছু নির্ভর করছে কী ধরনের সুযোগ সামনে আসে তার ওপর। সুযোগ পেলে বিপিএলের অংশ হতে চাই।’

বিপিএলের প্রশংসা করে সামিন বলেন, এটি চমৎকার একটি টুর্নামেন্ট। কিছু সময় ধরে লিগটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং এর পেছনে কিছু কারণ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তবে বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের আবেগের কথা বিবেচনায় নিয়ে এমন একটি টুর্নামেন্টের আয়োজনে সংগ্রাম করা উচিত নয় বলে মনে করেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান পাকিস্তানি এই ব্যবসায়ী। সামিন বলেন, পিএসএলে ১১ বছরের অভিজ্ঞতাসহ দক্ষিণ আফ্রিকার গ্লোবাল লিগ এবং টি-টেন লিগে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এ ছাড়া ক্রিকেট কানাডার সঙ্গেও কাজ করেছেন তিনি।

এসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিপিএলকে কীভাবে আরও উন্নত করা যায়, তা নিয়ে তামিম ইকবালের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান সামিন। তাঁর ভাষ্য, উভয় পক্ষের জন্য লাভজনক কোনো সুযোগ তৈরি হলে বিপিএলে যুক্ত হতে তিনি আগ্রহী।

শুধু বিপিএলে দল কেনাই নয়, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে বিনিময় কর্মসূচি চালুরও পরিকল্পনা রয়েছে তাঁর। সামিন বলেন, বিপিএলে যুক্ত হওয়ার সুযোগ না হলেও বিসিবির সঙ্গে খেলোয়াড় বিনিময় ও অভিজ্ঞতা ভাগাভাগির উদ্যোগ নিতে চান তিনি।

এ প্রসঙ্গে তিনি জানান, সম্প্রতি গায়ানার ইয়ুথ অ্যান্ড কালচার মন্ত্রণালয়ের সঙ্গে তাঁদের চুক্তি হয়েছে। এর আওতায় গায়ানার খেলোয়াড়দের পাঠানোর পরিকল্পনা রয়েছে। এ ছাড়া জিম্বাবুয়ের আটজন খেলোয়াড় ছয় সপ্তাহ ইসলামাবাদ হাই পারফরম্যান্স সেন্টারে প্রশিক্ষণ নিয়েছেন।

বাংলাদেশের খেলোয়াড়দের জন্যও পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণ নেওয়া এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করতে চান সামিন। এ ধরনের উদ্যোগ দুই দেশের ক্রিকেটের উন্নয়নে ভূমিকা রাখতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়