প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০০:২৯
সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি দুই অভিনেত্রীর বিকৃত ও আপত্তিকর ভিডিও একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজে ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী পরীমনি। তাঁর মতে, এমন ঘটনার পর শুধু দুঃখ প্রকাশ করলেই দায় এড়ানো যায় না।
সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজে দুই তারকা অভিনেত্রীর বিকৃত ভিডিও প্রকাশ করা হয়। পরে চ্যানেল কর্তৃপক্ষ জানায়, তাদের পেজটি হ্যাক হয়েছিল এবং হ্যাকাররা ভিডিওগুলো পোস্ট করেছে। এ ঘটনায় দুঃখও প্রকাশ করে চ্যানেলটি।
তবে ভিডিওর শিকার হওয়া অভিনেত্রী পরীমনি বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁর দাবি, ভিডিওটি অনেক আগের হলেও ওই চ্যানেলের পেজের মাধ্যমে এবার তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
গত শুক্রবার রাতে ফেসবুক লাইভে এসে এ বিষয়ে নিজের ক্ষোভের কথা জানান ‘স্বপ্নজাল’ অভিনেত্রী। কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে নেতিবাচক আলোচনা ও মন্তব্যেরও প্রতিবাদ করেন তিনি।
চ্যানেলটির বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে পরীমনি বলেন, পেজটি দীর্ঘ সময় ধরে হ্যাক অবস্থায় ছিল বলে দাবি করা হলেও সেটি দ্রুত নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হয়নি কেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর ভাষ্য, শুধু পেজ হ্যাক হওয়ার কথা বলেই বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্যকারীদের সমালোচনা করে পরীমনি বলেন, অনেকে বিষয়টি এড়িয়ে গেলেও কেউ কেউ এটি নিয়ে অপ্রয়োজনীয় আলোচনা ও প্রচার চালিয়েছেন। এমনকি অন্যের পোস্টের মন্তব্যের ঘরেও ভিডিওটির প্রসঙ্গ তুলে নেতিবাচক চর্চা করা হয়েছে বলে জানান তিনি।
পরীমনি মনে করেন, মানুষের মানসিকতা ও দৃষ্টিভঙ্গির কারণেই কেউ কেউ এ ধরনের বিষয় নিয়ে অশোভন আলোচনা করেন। ভুয়া একটি ভিডিও নিয়ে যাঁরা এত মাতামাতি করছেন, তাঁদের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ফেসবুক লাইভে আরও নানা বিষয়ে কথা বললেও পরে নিজের পেজ থেকে সেটি মুছে দেন পরীমনি। শনিবার সকালে একটি স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ওপস সরি, ডিলেট করে দিয়েছি। শুভ সকাল।’
উল্লেখ্য, সম্প্রতি নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব সিনেমা ‘সেপারেশন’-এ অভিনয় করেছেন পরীমনি। এতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ।







