সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬  |  

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০২:০৪

মাটির সঙ্গে বন্ধুত্ব, শখের কুমোর অভিনেত্রী ঐশী

মাটির সঙ্গে বন্ধুত্ব, শখের কুমোর অভিনেত্রী ঐশী
অনলাইন ডেস্ক

অভিনয়ের ব্যস্ততার বাইরে প্রকৃতি ও মাটির কাছাকাছি থাকতে ভালোবাসেন অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। সম্প্রতি কাদামাটি নিয়ে কাজ করার নতুন অভিজ্ঞতা নিয়েছেন তিনি। ঘূর্ণায়মান চাকতিতে মাটি দিয়ে বিভিন্ন আকৃতি দেওয়ার চেষ্টা করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি মৃৎশিল্পের হাতেখড়ি নেওয়ার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে। ছবিতে দেখা যায়, লাল টপ, কালো প্যান্ট ও ধূসর অ্যাপ্রোন পরে চাকতির সামনে বসে কাদামাটি দিয়ে কাজ করছেন ঐশী।

মাটির প্রতি এই আগ্রহের কারণ জানাতে গিয়ে ঐশী বলেন, গ্রামে জন্ম ও বেড়ে ওঠার কারণে শহুরে পরিবেশে মাঝে মাঝে হাঁসফাঁস লাগে তার। তখন ঘাস ও মাটির সংস্পর্শে যেতে ইচ্ছে করে। কিছুদিন আগে অসুস্থ থাকার পরও প্রকৃতির কাছে থাকার প্রয়োজনীয়তা আরও বেশি অনুভব করেন তিনি।

ঐশীর ভাষায়, কাদামাটি দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করার প্রতি তার আগ্রহ অনেক দিনের। তবে সুযোগের অভাবে এতদিন তা করা হয়ে ওঠেনি। সম্প্রতি বিষয়টি এক বন্ধুকে জানান তিনি। ওই বন্ধু থিয়েটারের সঙ্গে যুক্ত এবং বিভিন্ন প্রপস তৈরিতে মাটি নিয়ে কাজ করেন। এরপর দুজনের আগ্রহেই রাজধানীর একটি ক্লে-স্টেশনে গিয়ে মৃৎশিল্পের কাজ শুরু করেন ঐশী।

তবে চাকতিতে মাটি দিয়ে আকৃতি দেওয়া যে মোটেও সহজ নয়, প্রথমবারেই তা বুঝতে পেরেছেন অভিনেত্রী। ছোট চাকতি দিয়ে অনুশীলন শুরু করে তার কাছে কাজটি বেশ কঠিন মনে হয়েছে। মৃৎশিল্পীদের দক্ষতা, শ্রম ও সৃজনশীলতার প্রতি শ্রদ্ধাও বেড়ে গেছে বলে জানান তিনি।

ঐশী বলেন, মাটির দলাকে চাকতির ঠিক মাঝখানে রাখা এবং সেটি ঘুরিয়ে নির্দিষ্ট আকৃতি দেওয়া সবচেয়ে কঠিন। প্রথমবার কোনো একটি আকৃতি দিতে পারাটাকেই তিনি বড় সাফল্য হিসেবে দেখছেন। তৈরি করা জিনিসটি পুড়িয়ে বাড়িতে নিয়ে যেতে আরও অনুশীলন প্রয়োজন বলেও জানান তিনি।

শৈশবেও মাটির সঙ্গে তার নিবিড় সম্পর্ক ছিল। গ্রামের পুকুরপাড়ের উইপোকার ঢিবি থেকে নরম মাটি এনে নানা ধরনের খেলনা ও জিনিস বানাতেন ঐশী। পরে সেগুলো রোদে শুকিয়ে মাটির চুলার জ্বলন্ত কয়লার মধ্যে রেখে শক্ত করতেন। ছোটবেলার সেই স্মৃতিই নতুন করে মনে করিয়ে দিয়েছে বর্তমানের মৃৎশিল্পের অভিজ্ঞতা।

নিজের জীবনযাপনের ধরন নিয়েও বেশ স্বচ্ছন্দ ঐশী। নিজের প্রজন্মের তুলনায় তাকে কিছুটা ‘ওল্ডস্কুল’ মনে করেন তিনি। অবসর সময়ে পার্টিতে যাওয়ার চেয়ে মাটি নিয়ে কাজ করা কিংবা প্রকৃতির কাছাকাছি থাকতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এই অভিনেত্রী।

অভিনয়ের ব্যস্ততার মধ্যেও নতুন এই অভিজ্ঞতা উপভোগ করছেন ঐশী। তার অভিনীত সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমার প্যাচআপ শুটিং এখনো বাকি। সেটি শেষ হলে চলতি বছরেই সিনেমাটি মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন তিনি। এ ছাড়া তার হাতে আরও কয়েকটি সিনেমা রয়েছে, যেগুলোর খবর পর্যায়ক্রমে জানাবেন অভিনেত্রী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়