শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬  |  

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০৩:১৮

ডিবি হেফাজতে অভিনেতা তমাল মাহবুব

ডিবি হেফাজতে অভিনেতা তমাল মাহবুব
অনলাইন ডেস্ক

রাজধানীর আজিমপুর এলাকা থেকে অভিনেতা তমাল মাহবুবকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আজিমপুরের ইরানি মাঠের পাশ থেকে তমাল মাহবুবকে আটক করা হয়। তবে কী কারণে তাঁকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

এর আগে বুধবার দিবাগত রাতে রাজধানীর তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের সরকারি আবাসিক কোয়ার্টার থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে ডিবি। তিনি বিতর্কিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আলোচনায় আসে ‘আলো আসবেই’ নামের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ। একই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।

গ্রুপে থাকা কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির কথোপকথনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য উঠে আসে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন গ্রুপের সদস্যরা। তাঁদের মধ্যে জ্যোতিকা জ্যোতির নামও ছিল।

পরে ফেসবুক লাইভে এসে গ্রুপে যুক্ত থাকার বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন জ্যোতিকা জ্যোতি। তিনি দাবি করেন, গ্রুপটির উদ্দেশ্য দেশের বা মানুষের ক্ষতি করা ছিল না। আন্দোলনের সময় ঢাকার পরিস্থিতি সম্পর্কে সেখানে বিভিন্ন তথ্য ও আপডেট দিতেন তিনি। কোনো শিল্পী মানুষ হত্যার সমর্থন করতে পারেন না বলেও মন্তব্য করেছিলেন এই অভিনেত্রী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়