প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০২:২৬
অনন্ত জলিলের ওপর আস্থা ওমর সানীর, বললেন সংকট কাটিয়ে উঠবেন

পোশাকশিল্পের ব্যবসায়ী ও চিত্রনায়ক অনন্ত জলিলের ব্যাংকঋণ নিয়ে সম্প্রতি আলোচনা-সমালোচনা চলছে। একটি ব্যাংকে তার ২২৬ কোটি টাকার বেশি ঋণ রয়েছে বলে খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ কেউ তাকে দেউলিয়া হওয়ার আশঙ্কার কথাও বলছেন। তবে অনন্ত জলিলের ওপর আস্থা রেখেছেন অভিনেতা ওমর সানী। তার বিশ্বাস, অনন্ত এই পরিস্থিতি সামলে উঠতে পারবেন।
সোমবার (১৬ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘আমার কিছু কথা এবং অনন্ত জলিল’ শিরোনামে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন ওমর সানী। সেখানে অনন্ত জলিলের সঙ্গে নিজের পরিচয় ও অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, অনন্ত ভালো মনের মানুষ এবং লড়াকু একজন ব্যক্তি।
ওমর সানী বলেন, ‘অনন্ত জলিলের সঙ্গে যতটুকু মিশেছি, দেখেছি তিনি ভালো মনের মানুষ এবং খুব ভালো একজন ফাইটার। যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, আমার মনে হয় এটা তার কাছে খুব বড় কোনো ব্যাপার নয়। তিনি বিষয়টি সামলে ফেলবেন।’
অনন্তকে নিয়ে চলমান আলোচনা-সমালোচনার বিষয়ে সানী বলেন, তার বিশ্বাস, অনন্তের জন্য পরিস্থিতি সামলে নেওয়া কঠিন হবে না। তাকে নিয়ে অতিরিক্ত আলোচনা করে ছোট করা কিংবা অযথা বড় করে দেখানোরও কোনো প্রয়োজন নেই বলে মনে করেন তিনি।
ভিডিও বার্তায় অনন্ত জলিলের উদ্দেশে সানী আরও বলেন, ‘হয়তো এ ধরনের গসিপ না হলে আরও ভালো হতো। যেহেতু বিষয়টি হয়েই গেছে, আপনি সংক্ষেপে সমাধান করে ফেলবেন। এটি বাস্তব। অল দ্য বেস্ট। আপনার স্ত্রীকে আমি ছোট বোনের মতো জানি এবং খুব ভালো জানি। আপনি খুব ভালো একজন মানুষ, এটি আমি বিশ্বাস করি।’
এদিকে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েছেন ওমর সানী নিজেও। দীর্ঘদিন ধরে রেস্তোরাঁ ব্যবসা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। নিজের ব্যবসা নিয়েও বিভিন্ন সময় সমালোচনার মুখে পড়তে হয় বলে জানান এই অভিনেতা। তবে সেসব সমালোচনায় গুরুত্ব না দিয়ে নিজের মতো কাজ চালিয়ে যাওয়াকেই প্রাধান্য দেন তিনি।







