প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০২:২৪
হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক শর্ত দেয়নি ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক শর্ত জানানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তবে নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দিলে সরকার তা বিবেচনা করবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক শর্ত জানানো হয়নি। তবে দেশটির পক্ষ থেকে কোনো শর্ত দেওয়া হলে সরকার তা বিবেচনা করবে।
তিনি আরও বলেন, অন্য যেকোনো আসামির মতো শেখ হাসিনাকেও দেশে ফিরে এসে সাজা ভোগ করতে হবে।
সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের সম্ভাব্য দুটি শর্তের কথা উল্লেখ করা হয়। গত ১২ নভেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনে দাবি করা হয়, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার বিষয়ে নয়াদিল্লির কর্মকর্তারা দুটি শর্তের আভাস দিয়েছেন।
প্রতিবেদনে উল্লেখ করা প্রথম শর্ত অনুযায়ী, শেখ হাসিনা বাংলাদেশ মিলিটারির সামরিক উড়োজাহাজে ভারতে গিয়েছিলেন। তাই তাকে ফিরিয়ে নেওয়ার কাজটিও বাংলাদেশ সেনাবাহিনীকে করতে হবে।
দ্বিতীয় শর্ত হিসেবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা যেন মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয়—বাংলাদেশ সরকারকে সেই নিশ্চয়তা দিতে হবে।
তবে ভারত সরকারের পক্ষ থেকে এমন কোনো আনুষ্ঠানিক শর্ত দেওয়া হয়নি বলে স্পষ্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।







