প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ২৩:১৫
মার্কিন রাডার লক্ষ্য করে ৬ ড্রোনের হামলার দাবি ইরানের, ভূপাতিত এমকিউ-১

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক তৎপরতা আরও জোরালো হয়েছে। বাহরাইনে মার্কিন বিমান প্রতিরক্ষা রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন দিয়ে হামলার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। একই সঙ্গে পারস্য উপসাগরের কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছে সংস্থাটি।
রোববার (১৫ নভেম্বর) সকালে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি বিমান প্রতিরক্ষা রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে তাদের মহাকাশ বাহিনী। যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে ‘চূড়ান্ত ও বিধ্বংসী জবাবের দ্বিতীয় পর্যায়ের’ অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, ড্রোনগুলোর নিখুঁত আঘাতের শব্দ বাহরাইনের বিভিন্ন এলাকায় শোনা গেছে বলে দাবি করেছে আইআরজিসি। সংস্থাটির ভাষ্য, এ হামলার মধ্য দিয়ে তাদের সামরিক সক্ষমতার প্রমাণ মিলেছে।
বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, কৌশলগত হরমুজ প্রণালি বন্ধ থাকার বিষয়টি থেকে আন্তর্জাতিক মনোযোগ সরাতে যুক্তরাষ্ট্র সীমিত ও নির্বিচার সামরিক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। প্রণালি দিয়ে তেল পাচারের উদ্দেশ্যে কথিত পাহারাদার অভিযান চালাতে গিয়ে ব্যর্থ হওয়ার পর ওয়াশিংটন এমন পদক্ষেপ নিচ্ছে বলেও দাবি করেছে তারা।
আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজ প্রণালি বন্ধ রয়েছে। যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের জবাব আরও কঠোর ও বিধ্বংসী হবে।
এর আগে শুক্রবার বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি সামরিক আগাম সতর্কবার্তা প্রদানকারী রাডার ধ্বংস করার দাবি করেছিল আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স। ওই হামলাকে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের আকাশপথে উসকানি ও তেল পাচার বন্ধের বিষয়ে গুরুতর সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছিল সংস্থাটি।
এদিকে, শনিবার পৃথক এক বিবৃতিতে পারস্য উপসাগরের কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে আইআরজিসি। তাদের দাবি, স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ধ্বংস করা হয়।
বিবৃতিতে ড্রোনটিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এমকিউ-১ পরিবারের গোয়েন্দা ও যুদ্ধ ড্রোন হিসেবে উল্লেখ করা হয়েছে। আইআরজিসির দাবি, এ নিয়ে তাদের হাতে ধ্বংস হওয়া মার্কিন এমকিউ-১ ড্রোনের সংখ্যা দাঁড়িয়েছে ১৭টিতে। পাশাপাশি এখন পর্যন্ত ৫৬টি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে সংস্থাটি।
উল্লেখ্য, এমকিউ-১ প্রিডেটর যুক্তরাষ্ট্রের জেনারেল অ্যাটমিকসের তৈরি মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় উড়তে সক্ষম একটি দূরনিয়ন্ত্রিত আকাশযান। পশ্চিম এশিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে সামরিক অভিযান ও নজরদারির কাজে এটি ব্যবহার করেছে মার্কিন বাহিনী।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরানি বাহিনী কয়েক ডজন মার্কিন সামরিক বিমান ভূপাতিত করার দাবি করে আসছে। এসবের মধ্যে ড্রোনের পাশাপাশি যুদ্ধবিমানও রয়েছে। তবে এসব সামরিক হামলা ও ক্ষয়ক্ষতির তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।







