রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬  |  

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ২২:৫৩

তদন্ত প্রভাবিত করার কোনো উদ্দেশ্য ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী

তদন্ত প্রভাবিত করার কোনো উদ্দেশ্য ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গঠিত তদন্ত কমিটি আগামীকাল সোমবার প্রতিবেদন জমা দেবে। তদন্ত প্রভাবিত করার কোনো উদ্দেশ্য তাঁর ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এর আগে নুসরাত তাবাসসুম তাঁর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর আগের বক্তব্যের প্রসঙ্গ তুলে তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন। সংসদে ঘটনাটিকে ‘শর্ট সার্কিট’ ও ‘পরিত্যক্ত বাড়ি’ হিসেবে উপস্থাপন করায় তদন্তের ওপর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা জানান তিনি।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১১ নভেম্বর দিবাগত রাত ১২টা ২০ মিনিটে কুষ্টিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরদিন বিরোধী দলের চিফ হুইপ সংসদে বিষয়টি উত্থাপন করলে তিনি তথ্যভিত্তিক বক্তব্য দিয়েছিলেন। ঘটনার দিন সকালে ফায়ার সার্ভিসের মহাপরিচালক, বিজিবির মহাপরিচালক, পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, ওই দিন বিকেলে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালককে (ডিডিএলজি) প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে বিজিবির মেজর পদমর্যাদার একজন কর্মকর্তা, পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার এবং ফায়ার সার্ভিসের একজন অতিরিক্ত পরিচালককে রাখা হয়েছে। তদন্ত কমিটিকে শুক্রবার ও শনিবারসহ তিন দিন সময় দেওয়া হয়েছিল। রোববার তাদের তদন্তের মেয়াদ শেষ হচ্ছে। সোমবার প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

ঘটনার বিষয়ে নিজের আগের বক্তব্যের ব্যাখ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেদিন তিনি যা বলেছিলেন, তা ছিল প্রাথমিক ধারণা। ফায়ার সার্ভিস বা সংশ্লিষ্টরা তখন ঘটনাস্থলে পেট্রোল বোমার কোনো আলামত পাননি। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলেও ধারণা করা হয়েছিল। তবে তিনি কোনো চূড়ান্ত মন্তব্য করেননি; তদন্ত শেষ হওয়ার পরই প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানিয়েছিলেন।

ভিডিও ফুটেজ প্রসঙ্গে মন্ত্রী বলেন, অগ্নিকাণ্ডে একটি ছাগল মারা যাওয়ার বিষয়টি সত্য। সেখানে গরুও ছিল বলে তিনি শুনেছেন। বাড়ি থেকে কেউ বের হননি—এমন কথা তিনি কখনো বলেননি। পরে তিনি নিজেও একটি ভিডিও দেখেছেন, যেখানে এক নারীকে শিশুসন্তান কোলে নিয়ে বাড়ি থেকে বের হতে দেখা যায়। এসব বিষয় তদন্তের আওতাভুক্ত বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ঘটনার দিন কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। পরবর্তী সময়ে মামলার বিষয়টিও আইনগত প্রক্রিয়ায় এগোচ্ছে। টেলিফোনে হুমকির ঘটনায় করা জিডি এবং সাইবার অপরাধীদের শনাক্ত করার বিষয়েও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তদন্ত প্রভাবিত করার অভিযোগ নাকচ করে তিনি বলেন, তিনি বা সংসদের কেউ তদন্ত প্রভাবিত করার উদ্দেশ্যে কোনো বক্তব্য দেননি। কোনো সংসদ সদস্যের ওপর আক্রমণ কিংবা তাঁর জানমালের ওপর হামলার বিষয়টি অত্যন্ত কঠোরভাবে দেখা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, কোনো সংসদ সদস্যের মনে তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে; এটি অসংসদীয় বক্তব্য নয়। স্বরাষ্ট্রমন্ত্রী তদন্তের ব্যবস্থা নিয়েছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। তাই তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে নুসরাত তাবাসসুমকে ধৈর্য ধরার আহ্বান জানান স্পিকার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়