রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬  |  

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০১:২৫

চীনে ‘ঐতিহাসিক’ বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং

চীনে ‘ঐতিহাসিক’ বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং
অনলাইন ডেস্ক

চীনের শেনঝেন শহরে ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী ১৯ নভেম্বর এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরস্ত্রীকরণ চুক্তির বিষয়টি বিশেষ গুরুত্ব পেতে পারে। পাশাপাশি উত্তর কোরিয়া ও ইরানের পরিস্থিতি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৈঠকটি নিয়ে আগেই আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সপ্তাহের শুরুতে সাংবাদিকদের তিনি বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন তারা।

শুক্রবার (১৩ নভেম্বর) ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে সম্ভাব্য এ বৈঠককে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস। তিনি বলেন, পারমাণবিক অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক বলে মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাই বিশ্বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে।

মার্কিন বার্তা সংস্থা এপি ও রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকের পর কোনো চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নেই। ইউক্রেন পরিস্থিতি আলোচনায় আসার সম্ভাবনাও কম বলে ধারণা করা হচ্ছে। তবে ইরান ইস্যুতে আলোচনা হতে পারে।

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, ২১টি সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে আয়োজিত দুই দিনব্যাপী এপিইসি সম্মেলনে যোগ দিতে আগামী বুধবার রাতে শেনঝেনে পৌঁছাবেন ট্রাম্প। বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। ২০২৫ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তাদের চতুর্থ বৈঠক।

এরপর যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার রাষ্ট্রপ্রধানদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন ট্রাম্প। এর আগে মঙ্গলবার ফিলিপাইনে আসিয়ান সম্মেলনেও যোগ দেওয়ার কথা রয়েছে তার।

এদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। এর ফলে বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রভাণ্ডারগুলোর ওপর বিদ্যমান নিয়ন্ত্রণব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে।

জাতিসংঘ উভয় দেশকে দ্রুত নতুন একটি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ কাঠামো তৈরির আহ্বান জানিয়েছে। তবে ট্রাম্প পুরোনো চুক্তি নবায়নের পরিবর্তে নতুন ও আরও উন্নত চুক্তি চান। তাঁর প্রস্তাবিত চুক্তিতে চীনকেও অন্তর্ভুক্ত করার পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দাবি, চীন নিজেদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার সম্প্রসারণ করছে।

সূত্র: রয়টার্স, বিবিসি, নিউইয়র্ক টাইমস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়