রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬  |  

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০১:৩২

রেদওয়ান রনি ও বুলবুল টুম্পার নাম-ছবি ব্যবহার করে প্রতারণা

রেদওয়ান রনি ও বুলবুল টুম্পার নাম-ছবি ব্যবহার করে প্রতারণা
অনলাইন ডেস্ক

নির্মাতা ও প্রযোজক রেদওয়ান রনি এবং মডেল বুলবুল টুম্পার নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। ভুয়া ফোন নম্বর ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে শিল্পীদের সঙ্গে যোগাযোগ করছে চক্রটি। এমন প্রতারণার শিকার হওয়ার চেষ্টা হয়েছে শিশুশিল্পী দিশামনির অভিভাবক রিমা আক্তারের সঙ্গেও।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন রিমা আক্তার। সেখানে দেখা যায়, রেদওয়ান রনির পরিচয় দিয়ে এক ব্যক্তি তার সঙ্গে ফোনে কথা বলছেন। ওই ব্যক্তি জানান, শাকিব খানকে নিয়ে ‘তূর্য’ নামে একটি সিনেমা নির্মাণ করছেন তিনি। সিনেমাটিতে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার ছোটবেলার চরিত্রে অভিনয়ের জন্য শিশুশিল্পী দিশামনিকে নির্বাচন করা হয়েছে। আগামী ডিসেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথাও জানান তিনি।

তবে কথোপকথনের একপর্যায়ে ওই ব্যক্তির পরিচয় নিয়ে সন্দেহ হয় রিমার। তিনি ও তার এক সহকর্মী বিভিন্ন প্রশ্ন করলে একপর্যায়ে ফোন কেটে দেন কথিত রেদওয়ান রনি।

এর আগে প্রতারণার কৌশল সম্পর্কে রিমা জানান, বুলবুল টুম্পার পরিচয়ে তাকে একটি বার্তা পাঠানো হয়েছিল। সেখানে বলা হয়, নুসরাত ফারিয়ার ছোটবেলার চরিত্রে দিশামনি অভিনয় করবে। এ বিষয়ে রেদওয়ান রনির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। পাশাপাশি রনির নাম ও পরিচয় ব্যবহার করে একটি ফোন নম্বরও দেওয়া হয়।

প্রথমে বিষয়টি বিশ্বাস করলেও পরে সন্দেহ হয় রিমার। কারণ, কথিত নির্মাতা একজন অপরিচিত মেয়ের ছবি পাঠিয়ে অভিনেত্রী নির্বাচনের বিষয়ে তার পরামর্শ চান। বিষয়টি নিয়ে রিমার মনে প্রশ্ন জাগে, একজন পরিচিত নির্মাতা কেন তার কাছে এভাবে অভিনেত্রী নির্বাচনের পরামর্শ চাইবেন?

পরে বিষয়টি নিশ্চিত হতে বুলবুল টুম্পার সঙ্গে যোগাযোগ করেন তিনি। টুম্পা জানান, যে নম্বর থেকে যোগাযোগ করা হয়েছে, সেটি তার নয়। এরপর সামাজিক মাধ্যমে বিষয়টি প্রকাশ করে সবাইকে সতর্ক করেন রিমা।

ঘটনাটি নজরে আসে নির্মাতা রেদওয়ান রনির। রিমার প্রকাশ করা ভিডিওটি শেয়ার করে নিজের ফেসবুক পোস্টে প্রতারণার বিষয়ে সতর্ক করেন তিনি।

রেদওয়ান রনি জানান, বেশ কিছুদিন ধরে তার ছবি ব্যবহার করে বিভিন্ন ভুয়া নম্বর ও প্রোফাইল থেকে নানা ধরনের প্রলোভন দেখিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এর আগেও এমন ঘটনায় দুই প্রতারককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। এবারও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

নিজের প্রকৃত ফোন নম্বরের তথ্য দিয়ে রনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি তার ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ছাড়া অন্য কোনো মাধ্যমে যোগাযোগ করলে পরিচয় নিশ্চিত হওয়ার পরামর্শ দেন।

এদিকে, এ ঘটনা নিয়ে এখন পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে বুলবুল টুম্পার কোনো বক্তব্য বা পোস্ট পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়