প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০১:২৪
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি ক্রমেই শক্তিশালী হয়ে নিম্নচাপ, গভীর নিম্নচাপ এবং পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।
বিডব্লিউওটি জানায়, সাগরে অবস্থানরত লঘুচাপটি সামান্য উত্তর দিকে অগ্রসর হয়ে শনিবার সকালে দক্ষিণ বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এর কেন্দ্রের ৫০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের সর্বোচ্চ গড় গতিবেগ ঘণ্টায় ৩৫ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ৪৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, বর্তমান অবস্থান থেকে সিস্টেমটি উত্তর ও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি নিম্নচাপে এবং পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে।
এ ছাড়া পরবর্তী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সিস্টেমটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিডব্লিউওটি আরও জানিয়েছে, সিস্টেমটি সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত করুক বা না করুক, এর পরোক্ষ প্রভাবে আগামী ১৮ থেকে ২২ নভেম্বরের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তবে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়া এবং এর সম্ভাব্য গতিপথ সম্পর্কে পরবর্তী আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিশ্চিত হওয়া যাবে।







