প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০১:২৯
শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার। এখন এ বিষয়ে ভারতের সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার। এখন বাকি সিদ্ধান্ত ভারত সরকারের।
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন না। এ বিষয়ে আইনটি শেখ মুজিবই করে গেছেন।
এ সময় তিনি আরও জানান, দেশের বিভিন্ন জেলায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শিগগিরই শুরু করবে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন। এ কাজে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে সরকার।
অনুষ্ঠানে ভূমি নিবন্ধন খাতের অনিয়ম ও হয়রানি নিয়েও কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, সাব-রেজিস্ট্রারদের ভূমিকা নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে। এ অবস্থা থেকে সংশ্লিষ্টদের বেরিয়ে আসতে হবে।
সাব-রেজিস্ট্রি বিভাগকে হয়রানিমুক্ত করা হবে জানিয়ে তিনি বলেন, এরপরও কোনো ধরনের হয়রানির অভিযোগ পাওয়া গেলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।







