প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩৬
আগামী মাসে জাতীয় পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী

আগামী ডিসেম্বরে বাংলাদেশের জাতীয় পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ পরিকল্পনার আওতায় দেশের আট বিভাগে চিহ্নিত প্রায় ১ হাজার ৪৯৮টি পর্যটন কেন্দ্রকে ঘিরে সমন্বিত উন্নয়ন কার্যক্রম নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেলে ২০২৭ সালের জানুয়ারি থেকেই মহাপরিকল্পনার প্রাথমিক বাস্তবায়ন শুরু হতে পারে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ঢাকায় প্রস্তাবিত পাঁচ দিনব্যাপী ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’-এর সময় মহাপরিকল্পনাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের প্রস্তুতি চলছে। আগামী ২৭ থেকে ৩১ ডিসেম্বর উৎসবটি আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে চূড়ান্ত কর্মসূচি ও এতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এখনো নিশ্চিত হয়নি।
বিটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, আগামী ৩০ নভেম্বরের মধ্যে পর্যালোচনা কমিটির যাচাই করা মহাপরিকল্পনা পাওয়ার আশা করা হচ্ছে। এরপর ডিসেম্বরের প্রথম সপ্তাহে এটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। চূড়ান্তকরণ শেষে জাতীয় পর্যটন কাউন্সিলের অনুমোদন পাওয়া গেলে জানুয়ারি থেকে বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।
মহাপরিকল্পনায় ১ হাজার ৪৯৮ পর্যটন কেন্দ্র
জাতীয় পর্যটন মহাপরিকল্পনায় ২০২৪ থেকে ২০৪১ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি উন্নয়ন রূপরেখা তুলে ধরা হয়েছে। এর লক্ষ্য বাংলাদেশকে প্রতিযোগিতামূলক ও টেকসই পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা।
পরিকল্পনায় দেশের আটটি বিভাগে প্রায় ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণ চিহ্নিত করা হয়েছে। এসব স্থানে অবকাঠামো উন্নয়ন, পর্যটন পণ্যের বৈচিত্র্য, গন্তব্য ব্যবস্থাপনা, বিপণন ও দক্ষ জনবল তৈরির প্রস্তাব রয়েছে।
এতে ২০৪১ সালের মধ্যে ৫৫ লাখ ৮০ হাজার পর্যটক আকর্ষণ এবং ২ কোটি ১৯ লাখ ৪০ হাজার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মহাপরিকল্পনায় সমুদ্রসৈকত, পরিবেশবান্ধব পর্যটন, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী স্থান, ধর্মীয় পর্যটন, অ্যাডভেঞ্চার, নদীভিত্তিক, গ্রামীণ ও ক্রুজ পর্যটন বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সভা, প্রণোদনা, সম্মেলন ও প্রদর্শনীভিত্তিক পর্যটন (মাইস) সম্প্রসারণের প্রস্তাব রয়েছে।
পর্যটনে বিনিয়োগ বাড়াতে ই-ভিসা চালু, পর্যটকদের নিরাপত্তা জোরদার, সরকারি-বেসরকারি অংশীদারত্ব সম্প্রসারণ এবং গন্তব্য ব্যবস্থাপনা শক্তিশালী করার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, গন্তব্য ব্যবস্থাপনা সংস্থা ও স্বতন্ত্র পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রস্তাবও রয়েছে।
জানুয়ারি থেকে বাস্তবায়নের লক্ষ্য
বিটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, মহাপরিকল্পনা বাস্তবায়ন মানে শুধু হোটেল, রিসোর্ট বা অন্যান্য অবকাঠামো নির্মাণ নয়। এর অংশ হিসেবে পর্যটন গন্তব্যের প্রচারণা, ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
পরিকল্পনায় বাস্তবায়নকারী প্রতিষ্ঠান চিহ্নিতকরণ, অর্থায়নের উৎস, অগ্রাধিকারভিত্তিক প্রকল্প এবং তদারকি ব্যবস্থার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।
পর্যটন খাতকে অগ্রাধিকার দিচ্ছে সরকার
এর আগে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছিলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে পর্যটনকে অন্যতম প্রধান খাত হিসেবে গড়ে তুলতে সরকার সমন্বিত মহাপরিকল্পনা তৈরি করছে।
তিনি কক্সবাজার, সিলেট ও খুলনায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের মালিকানাধীন জমিতে আন্তর্জাতিক মানের হোটেল ও পর্যটন সুবিধা গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান।
কক্সবাজারে সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে পর্যটন উন্নয়নের জন্য ১৩২ দশমিক ৪৪ একর জমি চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া পর্যটন খাতের দক্ষ জনবল তৈরিতে কক্সবাজারের মোটেল লাবণী চত্বরে আধুনিক পর্যটন প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও সংসদে প্রায় ১ হাজার ৪৯৮টি পর্যটন কেন্দ্র নিয়ে মহাপরিকল্পনা চূড়ান্ত করার কথা জানিয়েছেন। পাশাপাশি কমিউনিটিভিত্তিক পর্যটন, পর্যটকদের নিরাপত্তা এবং পর্যটন খাতের তথ্য-উপাত্ত উন্নয়নে উদ্যোগ নেওয়া হচ্ছে। ‘জাতীয় পর্যটন নীতিমালা ২০২৬’ প্রণয়নের কাজও শুরু হয়েছে।
কার্যকর বাস্তবায়নের তাগিদ
পর্যটন খাতের অংশীজনরা বলছেন, বাংলাদেশের পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে মহাপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন জরুরি। এ জন্য সমন্বিত বিনিয়োগ, পেশাদার গন্তব্য ব্যবস্থাপনা, দক্ষ জনবল এবং পর্যটকদের সেবার মান উন্নয়নে গুরুত্ব দিতে হবে।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি মোহাম্মদ হানিফ পর্যটন খাতের শক্তিশালী প্রতিষ্ঠান, পেশাদার প্রশিক্ষণ ও নীতিগত সহায়তার ওপর গুরুত্ব দিয়েছেন।
টোয়াবের সাবেক সভাপতি মো. রাফেউজ্জামান অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পর্যটকদের অভিজ্ঞতা ও সেবার মান বাড়ানোর পক্ষে মত দিয়েছেন।
প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশনের (পাটা) বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব তৌফিক রহমান স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, পরিবেশগত স্থায়িত্ব, পর্যটন বিপণন, উন্নত যোগাযোগব্যবস্থা এবং বেসরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।







