মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬  |  

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০২:২৪

পাঁচ ধাপে ৪৩০০ ইউপিতে নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ

পাঁচ ধাপে ৪৩০০ ইউপিতে নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ
অনলাইন ডেস্ক

দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ শেষ করতে চায় কমিশন।

সোমবার (১৬ নভেম্বর) কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি জানান, পাঁচ ধাপে ইউপি নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।

ইসি সানাউল্লাহ বলেন, পঞ্চম ধাপে ইচ্ছাকৃতভাবে ইউনিয়নের সংখ্যা কম রাখা হয়েছে। আইনি জটিলতা বা অন্য কোনো কারণে যেসব ইউনিয়নে নির্বাচন আটকে আছে, সেগুলো পরবর্তী সময়ে এ ধাপে সমন্বয় করা যাবে। কোন ইউনিয়নে কবে নির্বাচন হবে, তার বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

১০ ডিসেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। আগামী ১০ ডিসেম্বরের আগেই এ সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে।

সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনের আগে যেভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হয়েছিল, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখেও একইভাবে আলোচনা করতে চায় কমিশন। এ মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে তিন দিনে নিবন্ধনের ক্রমানুসারে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় আমন্ত্রণ জানানো হবে।

সংলাপে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

প্রথম ধাপের নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, ২১ জানুয়ারিকে কেন্দ্র করে প্লাস-মাইনাস ৫০ দিনের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করবেন জেলা নির্বাচন কর্মকর্তারা।

নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়বে বলে কমিশন মনে করে না। বরং এ নির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সহায়তা করতে পারে।

তফসিল ঘোষণার দিনের আইনেই হবে নির্বাচন

নির্বাচন আইন সংশোধনের বিষয়ে কমিশনের সুপারিশ থাকলেও আসন্ন ইউপি নির্বাচন তফসিল ঘোষণার দিন কার্যকর থাকা আইন অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সানাউল্লাহ।

তিনি বলেন, যেদিন তফসিল ঘোষণা করা হবে, সেদিন যে আইন বিদ্যমান থাকবে, সেই আইন অনুযায়ী নির্বাচন হবে।

স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কোনো দাবি আসেনি বলেও জানান তিনি। তবে প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বাহিনীর সক্ষমতা ও কার্যকারিতা বিবেচনায় নেওয়া হবে।

স্মার্ট কার্ড ছাপায় সফটওয়্যার জটিলতা

কমিশন সভায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা ও স্মার্ট কার্ড ছাপানোর সমস্যাগুলো নিয়েও আলোচনা হয়েছে।

সানাউল্লাহ জানান, গত চার-পাঁচ দিন ধরে স্মার্ট কার্ড ছাপানোর সফটওয়্যারে সমস্যা দেখা দিয়েছে। বিষয়টি নিরূপণ ও সমাধানের কাজ চলছে। তবে এ কারণে এনআইডির কোনো সেবা বন্ধ নেই।

তিনি বলেন, কারও এনআইডি অনুমোদিত হলে তিনি নিজেই ওয়েবসাইট থেকে সেটি প্রিন্ট করে ল্যামিনেট করে ব্যবহার করতে পারবেন।

এনআইডি সেবার চুক্তি নবায়ন না হওয়া এবং অতীতের অডিট আপত্তি নিয়েও কমিশন আলোচনা করছে। ভবিষ্যতে চুক্তির আওতায় সব কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত রয়েছে বলে জানান তিনি।

গাজীপুর থেকে শুরু হবে ইভিএম নিষ্পত্তির কাজ

নির্বাচনে আর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। সংরক্ষিত ইভিএমগুলো কীভাবে নিষ্পত্তি করা হবে, তা নির্ধারণে গঠিত কমিটির কার্যক্রম নিয়েও কমিশন সভায় আলোচনা হয়েছে।

সানাউল্লাহ জানান, দেশে সবচেয়ে বেশি ইভিএম সংরক্ষিত রয়েছে গাজীপুরে। তাই সেখান থেকেই এ কার্যক্রম শুরু হবে। প্রথমে মাঠপর্যায়ে ইভিএমের সংখ্যা ও অবস্থা যাচাই করা হবে। পরে কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ইভিএম নিষ্পত্তির ক্ষেত্রে পরিবেশগত উদ্বেগ ও আর্থিক ক্ষতির বিষয়গুলো এখনো কমিশনের আলোচনায় আসেনি বলে জানান তিনি।

এ ছাড়া ইভিএম-সংক্রান্ত একটি প্রতিষ্ঠানের ২৩ কোটি টাকা পাওনা পরিশোধের বিষয়েও প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, আগের কমিশন নির্দিষ্ট কিছু কারণে ওই অর্থ পরিশোধ বন্ধ রেখেছিল। বিষয়টির পূর্ণাঙ্গ অবস্থা ও সিদ্ধান্তের ভিত্তি না জেনে বর্তমান কমিশন আগের সিদ্ধান্ত পরিবর্তন করতে চায় না।

এনআইডি সেবা নিয়ে কর্মশালা

জাতীয় পরিচয়পত্র সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে আগামী পরশু কর্মশালার আয়োজন করবে নির্বাচন কমিশন।

সানাউল্লাহ বলেন, এনআইডি সেবা দিতে গিয়ে কমিশনের ভেতরে ও বাইরে যেসব সমস্যা তৈরি হচ্ছে, সেগুলো চিহ্নিত করে সমাধানের উপায় খুঁজে বের করাই কর্মশালার উদ্দেশ্য। এতে সাংবাদিকদের প্রতিনিধিরাও অংশ নেবেন।

তিনি জানান, নির্বাচন কমিশনের ১২ জন আরএফইডি সদস্যের মধ্যে ১০ জনের কর্মশালায় অংশ নেওয়ার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়