প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০২:২৯
হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এ তথ্য জানিয়েছে।
ইরানের বিপ্লবী গার্ডের দাবি, গতকাল রোববার ও সোমবার মিলিয়ে মোট ছয়টি তেলবাহী ট্যাংকারে মাইনের আঘাতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
গত দুই সপ্তাহ ধরে হরমুজ প্রণালিতে প্রায় প্রতিদিনই তেলবাহী ট্যাংকার দুর্ঘটনার শিকার হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলোর দাবি, এসব ট্যাংকারে সরাসরি হামলা চালাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পরপরই হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরানের বিপ্লবী গার্ড। এর আগে এ পথ দিয়ে অবাধে তেল ও পণ্যবাহী জাহাজ চলাচল করলেও বর্তমানে পরিস্থিতি বদলে গেছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কঠোর পাহারায় কিছু তেলবাহী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করছে। এসব জাহাজও বিভিন্ন সময় হামলার শিকার হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।
হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরান বেশ কিছু শর্ত দিয়েছে। দেশটির দাবি, এ নৌপথে আগের মতো স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে হলে জব্দ করা ইরানি অর্থ ছাড়তে হবে, তেল নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং আন্তর্জাতিক বাজারে ইরানি তেলের অবাধ বিক্রির সুযোগ দিতে হবে।
এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার আশঙ্কাও তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, আবার হামলা হলে দ্রুত যুদ্ধবিরতির সম্ভাবনা থাকবে না। ইরান যত দিন প্রয়োজন মনে করবে, তত দিন যুদ্ধ চালিয়ে যাবে।
সূত্র: রয়টার্স







