বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬  |  

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১৪:০৯

‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক

‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক
অনলাইন ডেস্ক

রাজধানীর তুরাগ এলাকা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি বিতর্কিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ছিলেন।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন ডিবির উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার ইলিয়াস কবির।

তিনি জানান, রাত পৌনে ৩টার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের সরকারি আবাসিক কোয়ার্টার থেকে জ্যোতিকা জ্যোতিকে আটক করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাননি তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আলোচনায় আসে ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। ওই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। গ্রুপে থাকা কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির কথোপকথনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য উঠে আসে। এ নিয়ে সমালোচনার মুখে পড়েন গ্রুপের সদস্যরা। তাঁদের মধ্যে ছিলেন জ্যোতিকা জ্যোতিও।

পরে ফেসবুক লাইভে এসে গ্রুপে যুক্ত থাকার বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন এই অভিনেত্রী। তিনি দাবি করেন, গ্রুপটির উদ্দেশ্য দেশের বা মানুষের ক্ষতি করা ছিল না। আন্দোলনের সময় ঢাকার পরিস্থিতি সম্পর্কে সেখানে বিভিন্ন তথ্য ও আপডেট দিতেন তিনি। কোনো শিল্পী মানুষ হত্যার সমর্থন করতে পারেন না বলেও মন্তব্য করেন জ্যোতি।

এ ঘটনার পর ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অফিস করতে গিয়ে সহকর্মীদের বাধার মুখে পড়েন তিনি। সে সময় একাডেমির পরিচালক পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করছিলেন জ্যোতিকা জ্যোতি। ‘আলো আসবেই’ গ্রুপে যুক্ত থাকা এবং আন্দোলনকারীদের বিপক্ষে অবস্থানের অভিযোগে সহকর্মীদের একাংশ তাঁর বিরোধিতা করেন। পরে তিনি অফিস ত্যাগ করেন।

এরপর একই বছরের ১ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমি তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে।

সর্বশেষ ২০২৬ সালের জুলাইয়ে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের অভিযোগে সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের ২৮ ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেয় একটি সংগঠন। ওই তালিকায় জ্যোতিকা জ্যোতির নামও ছিল। তবে অভিযোগ জমা পড়া মানেই তা প্রমাণিত হওয়া নয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়