প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০০:৪০
শিক্ষার্থীদের শুধু পড়ালেখা নয়, সমাজ ও দেশের প্রতিও দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী

পড়ালেখার পাশাপাশি সমাজ, পরিবেশ ও দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শিক্ষার্থীদের খেলাধুলা, শিল্প-সংস্কৃতিচর্চা এবং দেশের ইতিহাস সম্পর্কে জানার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ঢাকার নবাবগঞ্জের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ৫০ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎ করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো—কলাকোপা উচ্চ বিদ্যালয়, বান্দুরা হলিক্রশ হাই স্কুল অ্যান্ড কলেজ এবং সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, পড়ালেখা শেষ করে তারা একদিন বিভিন্ন পেশায় যুক্ত হবে। কেউ চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, বিজ্ঞানী কিংবা শিক্ষক হবে। তবে যে পেশাতেই যুক্ত হোক না কেন, নিজের পাশাপাশি সমাজ ও দেশের প্রতি দায়িত্বের বিষয়টি সব সময় মনে রাখতে হবে।
তিনি বলেন, প্রত্যেক মানুষের নিজের প্রতি যেমন দায়িত্ব রয়েছে, তেমনি চারপাশের মানুষ, সমাজ ও পরিবেশের প্রতিও দায়িত্ব রয়েছে। একজন বিবেকবান মানুষ হিসেবে রাষ্ট্র, সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে চেষ্টা করলে সমাজের কল্যাণে ভূমিকা রাখা সম্ভব।
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিচর্চায় যুক্ত হওয়ার পরামর্শ দেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।’
শুধু মুখস্থ করে পরীক্ষায় অংশ নেওয়া কিংবা ভালো ফল অর্জন করাই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয় উল্লেখ করে তারেক রহমান বলেন, এর বাইরেও অনেক কিছু জানার ও শেখার রয়েছে। এসব বিষয়ে জ্ঞান অর্জন শিক্ষার্থীদের জীবনকে সমৃদ্ধ করবে এবং পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।







