প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪৪
নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় কৃষকদল নেতাসহ নিহত ২

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষকদল ও জাসাসের দুই নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলা কৃষকদলের সদস্যসচিব শাহিনুর শেখ (৪০) এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে কালিয়া উপজেলা ছাত্রদল, যুবদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউনসহ বিক্ষোভ করছিলেন। এ সময় মোটরসাইকেলের বহরটি উপজেলার বেন্দারচর বটতলা মোড়ে পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। এতে শাহিনুর শেখ ও সোহেল মোল্লা গুরুতর আহত হন।
পরে দলীয় নেতাকর্মীরা তাঁদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের দুজনকে মৃত ঘোষণা করেন।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।







