বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬  |  

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪৩

ঐক্যে ফাটল ধরায় সুযোগ নিচ্ছে ফ্যাসিবাদী শক্তি: জামায়াত আমির

ঐক্যে ফাটল ধরায় সুযোগ নিচ্ছে ফ্যাসিবাদী শক্তি: জামায়াত আমির
অনলাইন ডেস্ক

নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো একই কাতারে থাকলেও বর্তমানে সরকার ও বিরোধী দলের মধ্যে ফাটল ধরেছে। ঐক্যের জায়গায় দুর্বলতা তৈরি হওয়ায় ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১৮ নভেম্বর) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের বৃহত্তর স্বার্থে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী ঐক্য ফিরিয়ে আনার জন্য সরকার ও সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান জামায়াত আমির।

সংসদে দেওয়া বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, দুটি নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান সংসদ প্রতিষ্ঠিত হয়েছে, যার একটি বাস্তবায়িত হলেও অন্যটি এখনো বাস্তবায়িত হয়নি। ফ্যাসিবাদীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া এবং রাজনৈতিক ঐক্যে দুর্বলতা তৈরি হওয়াকে বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

নির্বাচনের আগ পর্যন্ত সবাই একই কাতারে, একই অবস্থানে ও একই দর্শনে ছিলেন উল্লেখ করে তিনি বলেন, দেশের বৃহত্তর স্বার্থে আবারও সেই ঐক্যবদ্ধ অবস্থানে ফিরে আসা প্রয়োজন।

ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয় উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ক্ষমতার পরিবর্তন গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়া। তাই যেকোনো সংস্কার বা সংশোধনের উদ্যোগ ব্যক্তিগত কিংবা দলীয় স্বার্থে নয়, বরং পুরো জাতির স্বার্থে গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, শহীদদের আমানত, যোদ্ধাদের প্রত্যাশা, শহীদ পরিবারের আকাঙ্ক্ষা, গণভোটের গণরায় এবং জুলাই সনদের আলোকে যত দ্রুত সম্ভব জাতীয় ঐক্য ফিরিয়ে আনতে হবে। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী ঐক্য পুনরায় শক্তিশালী হলে দেশে চলমান নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতা কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব হবে।

আন্তর্জাতিক সম্পর্ক ও দেশের সার্বভৌমত্বের প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ আবারও আধিপত্যবাদের কালো ছায়া অনুভব করছে। এ বিষয়ে সরকারকে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশে আধিপত্যবাদ ফিরে আসুক, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন জামায়াত আমির।

বহির্বিশ্বের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ আন্তরিক বন্ধু ও উন্নয়ন সহযোগী চায়। তবে সেই সম্পর্ক হতে হবে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে। অন্য দেশের মর্যাদার পাশাপাশি বাংলাদেশের মর্যাদাও সমানভাবে বজায় রাখতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়