প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪১
মৃত্যুর পর পরিবারের জন্য নয়, সব সম্পত্তি মানুষের কল্যাণে দিয়ে যাবেন রজনীকান্ত

নিজের সব সম্পত্তি থেকে অর্জিত অর্থ তামিলনাড়ুর মানুষের কল্যাণে ব্যয় করার ঘোষণা দিয়েছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত। মৃত্যুর পর তাঁর সম্পত্তির পুরোটা রাঘবেন্দ্র পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে। এ সম্পদ থেকে পরিবারের জন্য কোনো অর্থ রাখা হবে না বলেও জানিয়েছেন এই অভিনেতা।
সম্প্রতি চেন্নাইয়ে তাঁর মালিকানাধীন রাঘবেন্দ্র মণ্ডপকে তিন তারকা হোটেলে রূপান্তরের পরিকল্পনা নিয়ে খবর প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছে রজনীকান্তের এই সিদ্ধান্ত।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পুরোনো ভিডিওতে নিজের সম্পত্তির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে দেখা যায় অভিনেতাকে। সেখানে তিনি জানান, চেন্নাইয়ে প্রায় সোয়া একর জমির ওপর অবস্থিত রাঘবেন্দ্র মণ্ডপটি রাঘবেন্দ্র পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের নামে হস্তান্তর করেছেন। নিজের উইলেও এ সিদ্ধান্ত অন্তর্ভুক্ত করেছেন তিনি।
ভিডিওতে রজনীকান্ত বলেন, তাঁর মৃত্যুর পর পুরো সম্পত্তি রাঘবেন্দ্র পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের কাছে চলে যাবে। তাঁকে আজকের অবস্থানে পৌঁছে দিতে তামিলনাড়ুর মানুষের অবদান রয়েছে। তাই সম্পত্তি থেকে অর্জিত প্রতিটি পয়সা তাঁদের কল্যাণে ব্যয় করা হবে। পরিবারের জন্য এ সম্পত্তি থেকে কোনো অর্থ রাখা হবে না।
অভিনেতার ভাষ্য, তাঁর ক্যারিয়ার গড়ে ওঠার পেছনে সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। সেই ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই সম্পত্তিটি জনকল্যাণে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
রজনীকান্ত বলেন, একসময় দর্শকেরা কয়েক রুপি দিয়ে তাঁর সিনেমার টিকিট কিনতেন। তাঁদের ভালোবাসা ও সমর্থনই তাঁকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। চাইলে যেকোনো সময় উইল পরিবর্তন করা সম্ভব হলেও সবার সামনে দেওয়া প্রতিশ্রুতি পরিবর্তন করা যায় না। ভালো কোনো কাজ করতে চাইলে তা দ্রুত করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
এ সিদ্ধান্তের বিষয়ে স্ত্রী লতা ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেছিলেন রজনীকান্ত। পরে উইল ও সম্পত্তিসংক্রান্ত কাগজপত্র তাঁর শ্যালক বরদাচার্যের কাছে হস্তান্তর করেন বলেও ভিডিওতে জানান অভিনেতা।
১৯৮৯ সালে চালু হওয়ার পর থেকে রাঘবেন্দ্র মণ্ডপ রজনীকান্ত ও তাঁর ভক্তদের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত। অভিনেতার জনজীবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ আয়োজনের কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়েছে স্থাপনাটি।
সম্প্রতি সিনেমা বিকাটানের এক প্রতিবেদনে বলা হয়, রাঘবেন্দ্র মণ্ডপের জায়গায় তিন তারকা হোটেল নির্মাণের পরিকল্পনা বা আলোচনা চলছে। তবে পুরো স্থাপনা হোটেলে রূপান্তর করা হবে, নাকি এর একটি অংশ ব্যবহার করা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এদিকে রজনীকান্তকে সামনে দেখা যাবে ‘জেলার ২’ সিনেমায়। নেলসন দিলীপকুমার পরিচালিত সিনেমাটি আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। এ ছাড়া অশ্বথ মারিমুথুর পরিচালনায় ‘ধর্মন’ সিনেমাতেও অভিনয় করছেন তিনি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া







