প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১৪:১৬
ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার: সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) চট্টগ্রামের পোর্ট শাখা থেকে ঋণের নামে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। একই মামলায় আরও ১৬ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। খালাস পেয়েছেন বাকি ১৯ আসামি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
মামলার নথি অনুযায়ী, ‘ভিশন ট্রেডিং’ নামে একটি কাগুজে প্রতিষ্ঠানের নামে জাল কাগজপত্র তৈরি করে ইউসিবিএলের পোর্ট শাখা থেকে ২৫ কোটি টাকা ঋণ নেওয়া হয়। পরে ওই অর্থ কয়েকটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে সরিয়ে নগদে উত্তোলন এবং হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
নথিতে বলা হয়েছে, আরামিট গ্রুপের প্রটোকল কর্মকর্তা মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে ভিশন ট্রেডিংয়ের মালিক দেখানো হয়। ২০১৯ সালের ১৩ অক্টোবর ইউসিবিএলের পোর্ট শাখায় প্রতিষ্ঠানটির নামে একটি চলতি হিসাব খোলা হয়। পরবর্তী সময়ে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি গম, মসুর ডাল, ছোলা ও হলুদ মটর আমদানির কথা বলে ১৮০ দিনের জন্য ২৫ কোটি টাকা ঋণের আবেদন করা হয়।
ঋণের বিপরীতে প্রতিষ্ঠানের মজুতপণ্য, ব্যবসায়িক অভিজ্ঞতা ও গুদামসংক্রান্ত তথ্য দেওয়া হলেও সেগুলোতে অসংগতি ছিল বলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে উঠে আসে। ব্যাংকের করপোরেট ব্যাংকিং ও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের যৌথ কমিটি ঋণ প্রস্তাবে ১৭টি নেতিবাচক পর্যবেক্ষণ দিয়েছিল। এরপরও ২০২০ সালের ১২ মার্চ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৪৮তম সভায় ঋণটি অনুমোদন করা হয়।
পরে পে-অর্ডারের মাধ্যমে ঋণের অর্থ আলফা ট্রেডার্স, ক্লাসিক ট্রেডিং, মডেল ট্রেডিং ও ইম্পেরিয়াল ট্রেডিং নামে চারটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়। এসব প্রতিষ্ঠানের মালিক হিসেবে যাঁদের দেখানো হয়েছিল, তাঁরা মূলত আরামিট গ্রুপের কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তি ছিলেন বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় গত বছরের ২৪ জুলাই দুদকের উপপরিচালক মশিউর রহমান খান বাদী হয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলা করেন। মামলায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তাঁর স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, তাঁর ভাই আসিফুজ্জামান চৌধুরী, বোন রোকসানা জামান চৌধুরীসহ ব্যাংক ও আরামিট গ্রুপের কর্মকর্তাদের আসামি করা হয়।
শুরুতে মামলায় আসামি ছিলেন ৩১ জন। তদন্ত শেষে গত ৫ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। এতে নতুন করে আরও সাতজনকে আসামি করায় মোট আসামির সংখ্যা দাঁড়ায় ৩৬ জনে। অভিযোগপত্রে সাক্ষী করা হয় ৯২ জনকে।
এরপর ১১ মার্চ চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত ৩৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ৫ এপ্রিল থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এতে মোট ৫৬ জনের সাক্ষ্য নেওয়া হয়। ১৮ নভেম্বর যুক্তিতর্ক শুনানি শেষে আদালত পরদিন রায় ঘোষণার দিন ধার্য করেন।
বৃহস্পতিবার রায় ঘোষণার সময় আদালত ৩৬ আসামির মধ্যে ১৭ জনকে দোষী সাব্যস্ত করে সাজা দেন। অপর ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেওয়া হয়।







