প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১৪:১১
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ আবাসিক এলাকায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তবে আগুন বড় আকার ধারণ করার আগেই তা নিভে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে পুলিশ। বাড়িটিতে গত দুই বছর ধরে কেউ বসবাস করেন না। গাড়ি রাখার গ্যারেজটিও দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সেখানে কোনো গাড়ি রাখা ছিল না।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রায় পাঁচ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে বাড়িটির নিচতলার গ্যারেজের সামনে আগুন জ্বলতে দেখা যায়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে কিংবা এর পেছনে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। তদন্তের পর আগুন লাগার কারণ জানা যাবে।







