প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৪
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গা হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে

মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা এবং নারী ও শিশুদের ওপর ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে। এসব ঘটনার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় পড়ার শুরুতে আদালতের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া এসব তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছে। পাশাপাশি ব্যাপক যৌন সহিংসতা ও শিশুদের বিরুদ্ধে চরম সহিংসতামূলক কর্মকাণ্ড চালিয়েছে। বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করা রোহিঙ্গাদের ওপরও হামলা চালানো হয়েছে।
তবে এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের অধীনে গণহত্যা হিসেবে বিবেচিত হবে কি না, সে বিষয়ে আদালতের বিচারিক কার্যক্রম চলছে।
২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫৭টি সদস্যরাষ্ট্রের পক্ষে দেশটি এ মামলা দায়ের করে। মিয়ানমারের বিরুদ্ধে ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ আনা হয়।
গাম্বিয়ার অভিযোগ, ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর পরিচালিত সামরিক অভিযানে গণহত্যা সংঘটিত হয়েছে। ওই অভিযানে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা নিজ দেশ ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন। অভিযানের সময় হত্যা, ধর্ষণ, নির্যাতন এবং গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়ার অভিযোগও উঠে আসে।
এর আগে জাতিসংঘের ফ্যাক্টস ফাইন্ডিং মিশনও মিয়ানমারের সামরিক অভিযানে গণহত্যামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছিল।
২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার পর মিয়ানমারের সেনাবাহিনী ব্যাপক সামরিক অভিযান শুরু করে। এর পরিপ্রেক্ষিতে কয়েক সপ্তাহের মধ্যে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন।
আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্সের (এমএসএফ) এক জরিপে বলা হয়, ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে অন্তত ৬ হাজার ৭০০ রোহিঙ্গাকে হত্যা করা হয়। নিহতদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী অন্তত ৭৩০ শিশু ছিল।
২০২০ সালের জানুয়ারিতে আইসিজে অন্তর্বর্তীকালীন আদেশে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে মিয়ানমারকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর ২০২৬ সালের জানুয়ারিতে মামলাটির প্রকাশ্য শুনানি অনুষ্ঠিত হয়। গত ৩ নভেম্বর আদালত ১৯ নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন।
এদিকে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা এই রায়ের দিকে তাকিয়ে রয়েছেন। আদালতের রায় তাদের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে নিরাপদে নিজ দেশে প্রত্যাবাসনের পথ তৈরি করবে বলে প্রত্যাশা করছেন তারা।
সূত্র: এএফপি, বিবিসি।







