শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬  |  

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০২:২০

রুশ বিমানঘাঁটিতে ইউক্রেনের হামলা, ৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি

রুশ বিমানঘাঁটিতে ইউক্রেনের হামলা, ৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি
অনলাইন ডেস্ক

রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় ৩০০ কিলোমিটার পূর্বে অবস্থিত সাভাসলেইকা বিমানঘাঁটিতে হামলা চালিয়ে পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। বুধবার (২৫ নভেম্বর) এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইউক্রেনের সেনাপ্রধানের দপ্তর।

বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনীয় বাহিনীর হামলায় রুশ বিমানবাহিনীর তিনটি মিগ-৩১ এবং দুটি সু-৩৪ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। রাশিয়ার বিমানবাহিনী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য মিগ-৩১ এবং বোমা হামলার জন্য সু-৩৪ যুদ্ধবিমান ব্যবহার করে থাকে।

তবে বিমানঘাঁটিতে হামলার জন্য কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা বিবৃতিতে উল্লেখ করেনি ইউক্রেন। অন্যদিকে, এ হামলার বিষয়ে এখন পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

রাশিয়ার নিজনি নভগোরোদ অঞ্চলে অবস্থিত সাভাসলেইকা বিমানঘাঁটিটি ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেনের লক্ষ্যবস্তু হয়ে রয়েছে। এই ঘাঁটি থেকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও গ্লাইড বোমা নিক্ষেপে ব্যবহৃত যুদ্ধবিমান পরিচালনা করে রুশ বিমানবাহিনী।

বিশেষ করে মিগ-৩১ যুদ্ধবিমান উড্ডয়ন করলে ইউক্রেনজুড়ে সতর্কবার্তা জারি করা হয়। এসব বিমানে বহন করা কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় আঘাত হানতে সক্ষম।

এদিকে সাভাসলেইকা বিমানঘাঁটিতে হামলার পাশাপাশি রাশিয়ার সামারা অঞ্চলের দুটি তেল শোধনাগার এবং রুশ নিয়ন্ত্রণাধীন ইউক্রেনীয় ভূখণ্ডে একটি রাডার ব্যবস্থা ও জ্বালানি-লজিস্টিক ডিপোতে হামলার দাবিও করেছে ইউক্রেনীয় বাহিনী।

সামারা অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ ফেদোরিশচেভ তেল শোধনাগারে ইউক্রেনের হামলার তথ্য স্বীকার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বুধবার রাতের হামলাটি ছিল বড় ধরনের অগ্নিপরীক্ষা। এ সময় ইউক্রেন দেড় শতাধিক ড্রোন নিক্ষেপ করে। এর মধ্যে ১৪৫টির বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

ফেদোরিশচেভ আরও জানান, হামলায় একজন নিহত হয়েছেন এবং অঞ্চলের কয়েকটি শহরে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

তবে সাভাসলেইকা বিমানঘাঁটিতে পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফলে ইউক্রেনের এ দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়