প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১৫:০৪
হাসিনার আমলে গুম-খুনের অভিযোগ তদন্তে দেশজুড়ে গণশুনানি, প্রয়োজনে গ্রেপ্তার

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের তথ্য সংগ্রহে দেশজুড়ে গণশুনানির উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করা হবে। প্রয়োজনে অপরাধের সঙ্গে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে পাওয়া গেলে গ্রেপ্তার করা হবে।
বুধবার (২৫ নভেম্বর) নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
তিনি বলেন, প্রতি সপ্তাহে দেশের কোনো না কোনো জেলায় এ গণশুনানির আয়োজন করা হবে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে সব রাজনৈতিক দলের উপস্থিতিতে কর্মসূচি পরিচালিত হবে। নিপীড়িত রাজনৈতিক দল ও সংগঠনগুলোও এতে অংশ নিতে পারবে। এ বিষয়ে সরকার সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে।
চিফ প্রসিকিউটর জানান, এরই মধ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, মন্ত্রণালয়, নির্যাতিত রাজনৈতিক দল ও সংগঠন এবং আহত-নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের কাছে চিঠি পাঠানো হচ্ছে।
গণশুনানিতে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের তথ্য সংগ্রহ করা হবে। কোনো ঘটনার মামলা থাকলে সংশ্লিষ্ট কাগজপত্র ও রেকর্ড পর্যালোচনা করা হবে। মামলা না থাকলে ভুক্তভোগী পরিবারকে চিহ্নিত করা হবে। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারযোগ্য কোনো মানবতাবিরোধী অপরাধের তথ্য পাওয়া গেলে তদন্ত সংস্থার মাধ্যমে তদন্ত করে বিচারের ব্যবস্থা করা হবে।
গণশুনানির কর্মসূচি যশোর জেলা থেকে শুরু করার পরিকল্পনার কথা জানিয়ে আমিনুল ইসলাম বলেন, ২৬ নভেম্বর যশোরে কর্মসূচি আয়োজনের পরিকল্পনা ছিল। তবে ২৮ নভেম্বর যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন থাকায় তারিখ পরিবর্তন হতে পারে। সে ক্ষেত্রে অন্য কোনো জেলা থেকে কার্যক্রম শুরু করা হবে। আগামী সপ্তাহ থেকে দেশের কোনো না কোনো জেলায় এ কর্মসূচি পরিচালনা করা হবে।
গণশুনানির প্রয়োজনীয়তা তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে অসংখ্য ক্রসফায়ার, গুম, বলপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ বা মামলা রয়েছে। অনেক ভুক্তভোগী পরিবার গুম বা মানবতাবিরোধী অপরাধের শিকার হলেও মামলা করেনি। আবার অনেক অভিযুক্ত ব্যক্তি এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে তথ্য পাওয়া গেছে।
এসব অপরাধ আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতেই গণশুনানির উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ কর্মসূচির মাধ্যমে দেশে ন্যায়বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে বলে তাঁরা মনে করেন। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে যেন ভবিষ্যতে আর কোনো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত না হয়, সে বার্তাও দিতে চান তাঁরা।
গণশুনানির আইনগত বৈধতা নিয়ে প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের তদন্ত করার ও অভিযোগ দাখিলের ক্ষমতা রয়েছে। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাও তদন্ত করতে পারে। এ কর্মসূচি আইনসম্মত এবং এর আইনগত ম্যান্ডেট রয়েছে।







