বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬  |  

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০১:২৫

আফকন ট্রফি নিয়ে রায় ফাঁসের দাবি, চ্যাম্পিয়ন থাকছে মরক্কো?

আফকন ট্রফি নিয়ে রায় ফাঁসের দাবি, চ্যাম্পিয়ন থাকছে মরক্কো?
অনলাইন ডেস্ক

আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) ফাইনালের ট্রফি নিয়ে মরক্কো ও সেনেগালের আইনি লড়াইয়ে আজ মঙ্গলবার সিদ্ধান্ত জানানোর কথা কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের (সিএএস)। তবে আনুষ্ঠানিক রায় ঘোষণার আগেই সিদ্ধান্ত ফাঁসের দাবি উঠেছে। মরক্কোর ফুটবল ফেডারেশনের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ক্রীড়া আদালত মরক্কোকেই চ্যাম্পিয়ন হিসেবে বহাল রাখার সিদ্ধান্ত দিয়েছে।

চলতি বছরের ১৮ জানুয়ারি রাবাতে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে মরক্কোকে হারিয়ে শিরোপা জিতেছিল সেনেগাল। কিন্তু ম্যাচের বিতর্ক মাঠের গণ্ডি পেরিয়ে আইনি লড়াইয়ে গড়ায়।

মার্চের মাঝামাঝি সময়ে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) সেনেগালের কাছ থেকে শিরোপা কেড়ে নিয়ে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করে। রেফারির সিদ্ধান্তে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সেনেগালের খেলোয়াড়রা একপর্যায়ে ম্যাচ বয়কট করেছিলেন। পরে মাঠে ফিরে পাপে গুয়ের গোলে অতিরিক্ত সময়ে জয় পায় সেনেগাল।

তবে ম্যাচ চলাকালে মাঠ ছেড়ে যাওয়ার ঘটনাকে নিয়মবহির্ভূত উল্লেখ করে আপত্তি জানায় মরক্কোর ফুটবল ফেডারেশন। আফ্রিকা কাপ অব নেশনসের নীতিমালার ৮২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময় শেষ হওয়ার আগে রেফারির অনুমতি ছাড়া কোনো দল মাঠ ছেড়ে গেলে বা খেলতে অস্বীকৃতি জানালে তাদের পরাজিত ঘোষণা করে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া যেতে পারে। এই বিধির ভিত্তিতে সিএএফ সেনেগালকে ৩-০ গোলে পরাজিত ঘোষণা করে এবং মরক্কোকে জয়ী ঘোষণা করে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা মামলার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, কয়েক মাস ধরে মামলাটি পর্যালোচনা করেছে ক্রীড়া আদালত। দুই পক্ষের যুক্তিতর্ক পর্যালোচনার পর প্রতিযোগিতার আইনি কাঠামোর ভিত্তিতে সিএএফের সিদ্ধান্ত বহাল রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। এতে মরক্কোই চ্যাম্পিয়ন থাকছে।

মরক্কোর ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা ফাঁস হওয়া তথ্য নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে আইনি লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত বলে মনে করছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ। তাদের দাবি, সেনেগালের ম্যাচ বয়কটের ঘটনা প্রতিযোগিতার নিয়ম লঙ্ঘন, যা উপেক্ষা করার সুযোগ নেই।

তবে ক্রীড়া আদালতের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত ট্রফির চূড়ান্ত মালিকানা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। আপাতত মরক্কোকে চ্যাম্পিয়ন রাখার বিষয়ে যে তথ্য সামনে এসেছে, তা সংবাদমাধ্যমের প্রতিবেদন ও সংশ্লিষ্ট সূত্রের দাবি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়