প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪২
রিয়ালে জার্মান মিডফিল্ডারকে চান মরিনিও

মিডফিল্ডের শক্তি ও গতি বাড়াতে বরুশিয়া ডর্টমুন্ডের জার্মান ফুটবলার ফেলিক্স এনমেচাকে দলে নিতে আগ্রহী রিয়াল মাদ্রিদ। কোচ হোসে মরিনিওর পছন্দের তালিকায় থাকা এই মিডফিল্ডারকে আগামী মৌসুমে দলে ভেড়ানোর পরিকল্পনা করছে স্প্যানিশ ক্লাবটি।
‘গোল’-এর প্রতিবেদন অনুযায়ী, এনমেচার মধ্যে এমন কিছু গুণ দেখেছেন মরিনিও, যা রিয়ালের মাঝমাঠকে আরও শক্তিশালী করতে পারে। শারীরিক সামর্থ্য, পুরো মাঠজুড়ে খেলার ক্ষমতা, প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নেওয়া এবং বল পায়ে রক্ষণভাগ ভেঙে সামনে এগিয়ে যাওয়ার দক্ষতার কারণে জার্মান এই ফুটবলারকে পছন্দ পর্তুগিজ কোচের।
এর আগে গত জুনেও এনমেচাকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছিলেন মরিনিও। সে সময় তাঁর পরিস্থিতি সম্পর্কে খোঁজখবরও নিয়েছিল রিয়াল। এবার মৌসুমের শুরুতে দুর্দান্ত পারফরম্যান্সের পর আবারও ক্লাবটির সম্ভাব্য খেলোয়াড়দের তালিকায় জায়গা করে নিয়েছেন ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার।
চলতি বুন্দেসলিগায় ১০ ম্যাচে পাঁচ গোল করেছেন এনমেচা। সম্প্রতি বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে ডর্টমুন্ডের জয়সূচক গোলটিও করেছেন তিনি। ১.৯০ মিটার উচ্চতার এই মিডফিল্ডার চলতি মৌসুমে ঘণ্টায় সর্বোচ্চ ৩৫.২১ কিলোমিটার গতিতে ছুটেছেন।
তবে এনমেচাকে দলে ভেড়ানো সহজ হবে না রিয়ালের জন্য। তাঁর প্রতি আগ্রহ রয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলেরও। অন্যদিকে, ডর্টমুন্ডও এই মিডফিল্ডারকে ছাড়তে রাজি নয়।
জার্মান ক্লাবটি এনমেচার দাম প্রায় ৮ কোটি ইউরো নির্ধারণ করেছে। শীতকালীন দলবদলে তাঁকে নিতে হলে সম্ভাব্য ক্রেতা ক্লাবকে গুনতে হতে পারে ১০ কোটি ইউরো পর্যন্ত।







