প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০১:১০
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি

দেশকে অস্থিতিশীল ও নৈরাজ্য সৃষ্টির যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে সব সম্প্রদায়ের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির জন্য যে চক্রান্ত চলছে, তা রুখে দিতে হবে। বাংলাদেশের মানুষ সবসময় সংগ্রামের মধ্য দিয়ে অধিকার আদায় করেছে। দেশের বিরুদ্ধে করা সব ষড়যন্ত্রও এ দেশের মানুষ প্রতিহত করতে সক্ষম হবে বলে তিনি বিশ্বাস করেন।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে আয়োজিত দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও জাতীয় বৌদ্ধ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, কঠিন চীবর দান বৌদ্ধ সম্প্রদায়ের একটি ঐতিহ্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের যে বার্তা ছড়িয়ে পড়ে, তা ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সবাইকে অনুপ্রাণিত করে।
এ সময় তিনি প্রয়াত বৌদ্ধ ধর্মীয় নেতাদের স্মরণ করেন এবং তাঁদের অবদানের কথা তুলে ধরেন। তাঁদের কর্ম ও অবদানের জন্য তাঁরা মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন বলেও উল্লেখ করেন তিনি।
গৌতম বুদ্ধের জীবন থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, অন্ধবিশ্বাস, হিংসা ও বিদ্বেষ পরিহার করে জ্ঞান, যুক্তি, আত্মশুদ্ধি ও নৈতিকতার পথে চলতে হবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেক আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। কিন্তু একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশের সম্প্রীতি বিনষ্ট করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। এর মধ্য দিয়ে বাংলাদেশকে আবার অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চলছে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ অতীতেও এ ধরনের প্রচেষ্টা প্রতিহত করেছে। সংগ্রামের মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করেছে।
বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন দাবির বিষয়ে রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের উন্নয়ন ও অধিকার সমুন্নত রাখতে বদ্ধপরিকর। দেশের বৌদ্ধবিহার ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও উন্নয়নে আর্থিক অনুদান, বৌদ্ধ ভিক্ষুদের সম্মানী ভাতা এবং শিশুদের প্রাক-প্রাথমিক পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা দেওয়াসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, সংবিধান বৌদ্ধ সম্প্রদায়সহ সব নাগরিককে যে অধিকার দিয়েছে, তা রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় বলতেন, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই; সবাই বাংলাদেশের নাগরিক। সবার অধিকার রক্ষায় সবাইকে সোচ্চার হতে হবে।
বাংলাদেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশের সুনাম রয়েছে। এ ঐতিহ্য সমুন্নত রাখতে হবে। আমরা সবাই এ মাটির সন্তান। দেশ, জনগণ, মা ও মাটিকে ঘিরে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।
তিনি বলেন, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানরা একসঙ্গে বসবাস করেন। এ দেশের মানুষ সাম্প্রদায়িকতাকে পরিত্যাগ করেছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বজায় রেখেছে।
বৌদ্ধ সম্প্রদায়ের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চীন থেকে অতীশ দীপঙ্করের পবিত্র দেহভস্ম বাংলাদেশে ফিরিয়ে এনেছিলেন। এর মধ্য দিয়ে তিনি দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছিলেন। সেই পবিত্র দেহভস্ম এখনো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে সংরক্ষিত রয়েছে, যা বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের ইতিহাস ও ঐতিহ্যের অমূল্য সম্পদ।
অনুষ্ঠানের শুরুতে আয়োজকদের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে ক্রেস্ট দেওয়া হয়। এ সময় তিনি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ এবং প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার।
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুদ্ধপ্রিয় মহাথের। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির মহাসচিব অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য দেন শিক্ষাবিদ অধ্যাপক সুকোমল বড়ুয়া ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুশীল বড়ুয়া।







