সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬  |  

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০০:২৪

ক্ষমতায় বিএনপি, তবু আওয়ামী লীগ নেতারা বিএনপি নেতাকে গুম করেছে: রিজভী

ক্ষমতায় বিএনপি, তবু আওয়ামী লীগ নেতারা বিএনপি নেতাকে গুম করেছে: রিজভী
অনলাইন ডেস্ক

বিএনপি ক্ষমতায় থাকা সত্ত্বেও আওয়ামী লীগ নেতারা বিএনপির এক নেতাকে গুম করেছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গুমের সংস্কৃতি আওয়ামী লীগের নেতাদের ডিএনএতে রয়েছে। এসব অপরাধীকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।

রোববার (২২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘চির ভাস্বর শহীদ জিয়া’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ফ্যাসিস্ট শক্তি দেশের ইতিহাস ও ভূগোল বদলে দিতে চেয়েছিল। কিন্তু মানুষের ভেতরের শক্তিকে তারা চিনতে ভুল করেছে।

তিনি আরও বলেন, যারা দেশ ছেড়ে পালিয়ে আছে, তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মিথ্যা প্রচার চালাচ্ছে। একমুখী দেশ গড়ার ষড়যন্ত্রে মেতে উঠেছে। আবারও হত্যা, রক্ত ও আগুনের মধ্য দিয়ে রাজনীতিতে ফিরে আসতে চাইছে। তবে জনগণের সম্মিলিত শক্তিকে কখনোই পরাজিত করা যাবে না।

বিগত কয়েক দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাণ্ডব ও হত্যাকাণ্ড চালাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

রিজভী বলেন, ‘গুমের ক্যারেক্টার তাদের ডিএনএতে আছে। ক্ষমতায় বিএনপি, কিন্তু আওয়ামী লীগ নেতারা বিএনপি নেতাকে গুম করেছে।’

এ সময় পরিস্থিতি সামাল দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে অপরাধীদের আইনের আওতায় এনে আইনানুগভাবে দমনের আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়