প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০০:২০
ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকানোর জন্যই ঐকমত্য চাইছে সরকার: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, সরকার যদি সত্যিকার অর্থে জাতীয় ঐকমত্য চায়, তাহলে প্রথমেই একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করতে হবে। তা না হলে বোঝা যাবে, সরকার শুধু ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকানোর জন্য জাতীয় ঐকমত্য চাইছে। জানুয়ারিতে আবার একদলীয় কমিটির মতামত অনুযায়ী সংবিধান সংশোধন করবে।
রোববার (২২ নভেম্বর) যুক্তরাজ্য থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ হিসেবে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করতে হবে। এর মাধ্যমে জনগণ ও রাজনৈতিক দলগুলো বুঝতে পারবে, সরকার সত্যিকার অর্থেই জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করতে চায়।
তিনি বলেন, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার ত্বরান্বিত করা, আসন্ন গঙ্গা চুক্তি নবায়ন এবং শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করাসহ দেশের গুরুত্বপূর্ণ মৌলিক ইস্যুগুলোতে বিএনপি সরকারকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। এসব বিষয়ে অঙ্গীকার থাকলেই কেবল জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব।
এনসিপির এই নেতা বলেন, ডিসেম্বরে আওয়ামী লীগ ঠেকানোর জন্য জাতীয় ঐকমত্যের কথা বলা হবে, আর জানুয়ারিতে একদলীয় কমিটির মতামত অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে। এ ধরনের কোনো জাতীয় ঐক্য প্রক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টি অংশ নেবে না।
পতিত ফ্যাসিস্ট শক্তিকে মোকাবিলার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকলেই হবে না। জুলাই গণঅভ্যুত্থানে জনগণ, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন শক্তির মধ্যে যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যই ফ্যাসিস্ট শক্তিকে প্রতিরোধ করতে সক্ষম।
এ সময় বিমানবন্দরে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, আরিফুল ইসলাম আদীবসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







