রবিবার, ২২ নভেম্বর, ২০২৬  |  

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০০:৩৬

হরমুজ প্রণালিতে দুটি ট্যাঙ্কারে হামলা, হতাহতের খবর নেই

হরমুজ প্রণালিতে দুটি ট্যাঙ্কারে হামলা, হতাহতের খবর নেই
অনলাইন ডেস্ক

ইরানের নিয়ন্ত্রণে থাকা গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে অন্তত দুটি ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তরে হরমুজ প্রণালি দিয়ে বহির্মুখী যাত্রার সময় একটি ট্যাঙ্কারের পেছনের অংশে অজ্ঞাত বস্তু আঘাত হানে। শনিবার ইউকেএমটিও এ হামলার তথ্য নিশ্চিত করে।

এরপর খাসাব থেকে ১৭ নটিক্যাল মাইল পূর্বে আরেকটি ট্যাঙ্কারের ইঞ্জিন রুমে অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হানার খবর জানায় সংস্থাটি। তবে দুটি ঘটনায় একই জাহাজ আক্রান্ত হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

ইউকেএমটিও জানিয়েছে, হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনায় পরিবেশগত কোনো ক্ষয়ক্ষতি বা সংকট তৈরি হয়েছে কি না, তা জানা যায়নি।

এর আগে শুক্রবার খাসাবের কাছে একটি ট্যাঙ্কারে একই ধরনের হামলার ঘটনা ঘটে। ওই হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছে সংস্থাটি।

ওমানের মুসান্দাম উপদ্বীপে অবস্থিত খাসাব হরমুজ প্রণালির প্রবেশমুখে অবস্থিত। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ এই হরমুজ প্রণালি দিয়ে সংঘাত শুরুর আগে বৈশ্বিক অপরিশোধিত তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হতো।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত ছড়িয়ে পড়ার পর ইরান এই জলপথ বন্ধের পদক্ষেপ নেয়। এরপর থেকেই প্রণালিটি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে।

সূত্র: এএফপি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়