রবিবার, ২২ নভেম্বর, ২০২৬  |  

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০০:৩২

পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপির সংঘর্ষ, টিয়ারশেল-রাবার বুলেট নিক্ষেপ

পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপির সংঘর্ষ, টিয়ারশেল-রাবার বুলেট নিক্ষেপ
অনলাইন ডেস্ক

পাবনার বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুর থেকে উপজেলার বৃশালিখা এলাকার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সওদাগরপাড়া এলাকার বিএনপির নেতাকর্মী-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সংঘর্ষ চলার খবর পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে বেড়া থানার সামনে আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এর জেরে সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এসব ঘটনার পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয় পক্ষের লোকজন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষের কারণে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনার পুলিশ সুপার আবু আশরাফ বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়