প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১২:৫৬
ওড়িশা উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’

ভারতের ওড়িশা উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’। শুক্রবার (২০ নভেম্বর) সকালে ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে ওড়িশা থেকে তিন লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় মোতায়েন করা হয়েছে ৪২৩টি দল। প্রতিবেশী অন্ধ্রপ্রদেশের দুটি জেলায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট।
শুক্রবার ভোরে আকভান শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের গোপালপুরের কাছ দিয়ে স্থলভাগে প্রবেশ করছে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
এদিকে গত ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথেও পরিবর্তন এসেছে। আগে অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার পূর্বাভাস দেওয়া হলেও পরে সম্ভাব্য আঘাতের এলাকা সরে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এসেছে।







